গাজীপুরের নতুন ডিসি মোহাম্মদ আলম হোসেন

গাজীপুরের নতুন ডিসি মোহাম্মদ আলম হোসেন

নিজস্ব সংবাদদাতা : নিয়োগের পাঁচ দিনের মাথায় গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) পদে পরিবর্তন আনা হয়েছে। নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে উপসচিব মোহাম্মদ আলম হোসেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের তথ্য জানানো হয়।

এর আগে গত ৮ নভেম্বর গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফিনকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে উপসচিব হিসেবে বদলি করা হয়। একই দিন ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহানকে গাজীপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে মাত্র পাঁচ দিন পর ১৩ নভেম্বর তাকে পানি সম্পদ মন্ত্রণালয়ে বদলি করা হয়।

জানা গেছে, জেলা প্রশাসক পদে পদায়নের জন্য ফিট লিস্ট প্রণয়নের লক্ষ্যে ১২ নভেম্বর সন্ধ্যায় মন্ত্রিপরিষদ সচিবের সম্মেলন কক্ষে উপসচিব পদমর্যাদার ১৫ জন কর্মকর্তার সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। ওই তালিকায় ১০ নম্বর অবস্থানে ছিলেন মোহাম্মদ আলম হোসেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিসিএস প্রশাসন ক্যাডারের ২৭তম ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন (১৬১২৬)। তিনি ২০২৫ সালের ২৯ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে যোগ দেন। এর আগে ২০২১ সালের ৭ মার্চ সিনিয়র সহকারী কমিশনার থেকে উপসচিব পদে পদোন্নতি পান।

তিনি ময়মনসিংহের বাসিন্দা।

উল্লেখ্য, মো. আজাদ জাহানকে গাজীপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার পর প্রশাসনের ভেতরে নানা আলোচনা শুরু হয়। বিগত আওয়ামী লীগ সরকারের সময় তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন বলে জানা যায়। পঞ্চগড়ের সাবেক জেলা প্রশাসক জহুরুল ইসলামের সঙ্গে মো. আজাদ জাহানকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দেখা যায় এমন ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল।

এছাড়া, তার বিরুদ্ধে নিজ জেলা ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় প্রায় ৩০০ একর জমিতে অবৈধভাবে মৎস্যঘের তৈরি করার অভিযোগও রয়েছে। এ কারণে নির্বাচনকালীন গুরুত্বপূর্ণ জেলা গাজীপুরে তার নিয়োগ নিয়ে প্রশাসনের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

তবে এসব বিতর্কের মধ্যেই তাকে সরিয়ে দিয়ে গাজীপুরের নতুন জেলা প্রশাসক হিসেবে মোহাম্মদ আলম হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে।

গাজীপুরের নতুন ডিসি আজাদ জাহান