কালীগঞ্জে লাইসেন্স বিহীন করাতকল, মোবাইল কোর্টে জরিমানা

কালীগঞ্জে লাইসেন্স বিহীন করাতকল, মোবাইল কোর্টে জরিমানা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে লাইসেন্স বিহীন করাতকল (স’মিল) পরিচালনার দায়ে চারজনকে জরিমানা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার আওরাখালী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

জরিমানা দিয়েছেন—জাঙ্গালিয়া ইউনিয়নের কাউলিতা এলাকার আব্দুল সালাম খানের ছেলে রাসেল খান (৩৭), মৃত ইউসুফ খানের ছেলে কাইয়ুম খান (৬০), নূর উদ্দিন খানের ছেলে মামুন খান (২৮) এবং আদি জাঙ্গালিয়ার রেয়াজ উদ্দিন ভূঞার ছেলে কামাল হোসেন ভূঞা (৫০)।

উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আওরাখালী বাজার এলাকায় দীর্ঘদিন ধরে কোনো লাইসেন্স বা প্রশাসনের অনুমোদন ছাড়াই বেশকিছু করাতকল পরিচালিত হচ্ছিল। সে সব করাতকলে স্থানীয় বিভিন্ন এলাকা থেকে সরকারি ও বনজ গাছ কেটে এনে বেআইনিভাবে কাঠ চিরাই ও বেচাকেনা চলছিল।

অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে বন বিভাগ ও উপজেলা প্রশাসন যৌথভাবে অভিযান পরিচালনা করে। সত্যতা পাওয়ায় ঘটনাস্থলেই মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। পরে করাতকল (লাইসেন্স) বিধিমালা-২০১২ অনুসারে ‘বন্ধু স-মিল’ এবং ‘জাহাঙ্গীর স-মিল’-এর মালিকসহ আরো দুই গাছ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, লাইসেন্সবিহীন এসব স’মিলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।