আলোচিতজাতীয়সারাদেশ

পূর্ব রেলের ছয় পথে ট্রেনের ভাড়া বাড়ল

গাজীপুর কণ্ঠ ডেস্ক : রেলওয়ে পূর্বাঞ্চলের অধীনে চলাচল করা ট্রেনগুলোর ভাড়া বাড়ানো হয়েছে।

সেতুর রক্ষণাবেক্ষণের খরচ বা ‘পন্টেজ র্চাজ’ সমন্বয় করে পূর্বাঞ্চলের ছয়টি পথে চলাচলকারী ট্রেনগুলোর ভাড়া বাড়ানো হয়েছে ৫ থেকে ২২৬ টাকা পর্যন্ত।

আগামী ২০ ডিসেম্বর থেকে বর্ধিত এই ভাড়া কার্যকর হবে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে।

সে হিসেবে ওইদিনের টিকিট বিক্রি শুরু হবে বুধবার থেকে এবং সেদিন থেকেই টিকিটে বাড়তি মূল্য পরিশোধ করতে হবে যাত্রীদের।

রেলওয়ে পূর্বাঞ্চলের জিএম মো. সবুক্তগীন সংবাদ মাধ্যমকে বলেন, ২০ ডিসেম্বর থেকে ‘পন্টেজ চার্জ’ বাড়ানো হয়েছে। সে হিসেবে বাড়োনো হয়েছে ট্রেনের ভাড়া।

নাম প্রকাশ না করে পূর্ব রেলের এক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে বলেন, সড়কে যেমন সেতু ব্যবহারের জন্য টোল দিতে হয়, রেলপথের ক্ষেত্রে সেভাবে নেওয়া হয় না। টিকিটের মূল্যের সঙ্গে সেটি নেওয়া হয়ে থাকে। ১৯৮২ সালে সর্বশেষ ‘পন্টেজ র্চাজ‘ হিসেব করে ট্রেনের ভাড়া নির্ধারণ করা হয়েছিল। এরপর এমনি বাণিজ্যি কারণে ভাড়া বেড়েছে।

তিনি বলেন, এতবছরে বিভিন্ন রেলপথে সেতু বা কালভার্টের সংখ্যা বেড়েছে, সেসবের রক্ষণাবেক্ষণ ব্যয়ও অনেক বেড়েছে। এতদিন শুধুমাত্র রেলপথের বাণিজ্যিক দূরত্ব হিসেব করে ভাড়া নেওয়া হতো। যাত্রাপথে ১০০ মিটারের বেশি দৈর্ঘ্যের সেতু-কালর্ভাট বা এ ধরনের কোনা অবকাঠামো থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে করে মাশুল নির্ধারণ করে ভাড়ার সঙ্গে যুক্ত করা হয়েছে।

ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগ নিয়ে রেলওয়ে পূর্বাঞ্চল গঠিত।

পূর্ব রেলের তথ্য অনুযায়ী, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা- কক্সবাজার, চট্টগ্রাম-সিলেট, চট্টগ্রাম-ময়মনসিংহ ও ঢাকা-দেওয়ানগঞ্জ পথে মোট ১১টি সেতুর ওপর ‘পন্টেজ চার্জ‘ আরোপ করা হয়েছে।

র্পূব রেলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্টের কার্যালয় থেকে জানা গেছে, এ বছরের ২৫ মে রেলওয়ে মহাপরিচালকের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় বাণিজ্যিক ভাড়া না বাড়িয়ে রাজস্ব বাড়ানোর বিষয়টি আলোচনায় আসে। পরবর্তীতে সেতুর রক্ষণাবেক্ষণ খরচ পুনর্বিবেচনার সিদ্ধান্ত আসে।

গেল ২৫ নভেম্বর রেলওয়ের উপপরিচালক (মার্কেটিং) শাহ আলম স্বাক্ষরিত এক নির্দেশে ২০ ডিসেম্বর থেকে নতুন ‘পন্টেজ র্চাজ’ হিসেবে ভাড়া বাড়ানোর কথা বলা হয়। ৮ ডিসেম্বর সহকারী প্রধান বাণিজ্যিক কর্মকর্তা জসিম উদ্দিন ভূইঞা জনস্বার্থে প্রচারের জন্য অনুমোদন দেন।

কোন ট্রেনে ভাড়া কত বাড়ছে

পূর্ব রেলের হিসাব অনুযায়ী, ঢাকা-চট্টগ্রাম পথে বর্তমানে ৩৪৬ কিলোমিটার দূরত্ব ধরে ভাড়া নেওয়া হচ্ছে। সেতু-কালভার্টের রক্ষণাবেক্ষণ মাশুল নির্ধারণের পর এ দূরত্ব ধরা হয়েছে ৩৮১ কিলোমিটার।

এই পথে চলাচল করা বিরতিহীন আন্ত:নগর ট্রেন সুবর্ণ এক্সপ্রেস ও সোনার বাংলা এক্সপ্রেসের শোভন চেয়ার টিকিটের দাম ৪৫০ থেকে ৪৫ টাকা বাড়িয়ে করা হয়েছে ৪৯৯ টাকা।

স্নিগ্ধা আসনের ভাড়া ৮৫৫ থেকে ৮৮ টাকা বাড়িয়ে ৯৪৩ টাকা, প্রথম বার্থ ১০৮ টাকা বেড়ে হয়েছে ১১৮৩ টাকা, এসি আসনের ভাড়া ১০২৫ থেকে বেড়ে ১১৩৩ টাকা এবং এসি বার্থ ১৫৯০ থেকে ১৫৬ টাকা বাড়িয়ে করা হয়েছে ১৭৪৬ টাকা।

এই পথের অপর আন্ত:নগর ট্রেনগুলোর শীতাতপ নিয়ন্ত্রিত স্নিগ্ধা আসনের ভাড়া ৭৭৭ টাকা থেকে ৮০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৮৫৭ টাকা।

এসি আসনের ভাড়া ৯৮ টাকা বাড়িয়ে ১০৩০ টাকা, এসি বার্থ ১৪৪৮ টাকা থেকে ১৪৩ টাকা বাড়িয়ে ১৫৯১ টাকা নির্ধারণ করা হয়েছে।

সেতু রক্ষণাবেক্ষণ খরচ হিসেবে যোগ ৩৫ কিলোমিটার দূরত্বের জন্য এ পথে চলাচলকারী মেইল ট্রেনের ভাড়া ১৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। কমিউটারে ১৭০ টাকা থেকে ২০ টাকা বাড়িয়ে ১৯০ টাকা, শোভন চেয়ার ৪০৫ টাকা থেকে ৪৫ টাকা বাড়িয়ে ৪৫০ টাকা করা হয়েছে।

ঢাকা-কক্সবাজার রুটে চলাচলকারী বিরতিহীন আন্ত:নগর ট্রেন কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেসের শোভন চেয়ারের ভাড়া ৬৯৫ থেকে ৬৪ টাকা বাড়িয়ে ৭৫৯ টাকা, শীতাতপ নিয়ন্ত্রিত স্নিগ্ধা ১৩২২ থেকে ১২৭ টাকা বেড়ে ১৪৪৯ টাকা, এসি আসনের ভাড়া ১৫৯০ থেকে ১৫০ টাকা বেড়ে ১৭৪০ টাকা, এসি বার্থের ভাড়া ২২৬ টাকা বাড়িয়ে ২৬৫৬ টাকা করা হয়েছে।

ঢাকা সিলেট রুটে মেইল ট্রেনের ভাড়া ১৫ টাকা বাড়িয়ে ১৪০ টাকা, কমিউটারে ১৬০ থেকে ১৭০ টাকা, শোভন চেয়ারে ৩৫ টাকা বাড়িয়ে ৪১০ টাকা, স্নিগ্ধা আসনে ৬৯ টাকা বাড়িয়ে ৭৮৮ টাকা, এসি সিটের ভাড়া ৮০ টাকা বাড়িয়ে ৯৪৩ টাকা, এসি বার্থের ভাড়া ১২৭ টাকা বাড়িয়ে ১৪৬৫ টাকা করা হয়েছে।

চট্টগ্রাম-সিলেট পথে মেইল ট্রেনের ভাড়া ১০ টাকা বেড়ে ১৬০ টাকা, কমিউটারে ১০ টাকা বেড়ে ২০০ টাকা, শোভন চেয়ার ২৫ টাকা বেড়ে ৪৭৫ টাকা, স্নিগ্ধা ৮৫৭ থেকে ৫২ টাকা বেড়ে হয়েছে ৯০৯ টাকা, এসি সিটের ভাড়া ৫৭ টাকা বেড়ে ১০৮৭ টাকা, এসি বার্থের ভাড়া ৮৭ টাকা বাড়িয়ে ১৬৭৮ টাকা করা হয়েছে।

চট্টগ্রাম-জামালপুর পথে মেইল ট্রেনের ভাড়া ১০ টাকা বেড়ে ১৮৫ টাকা, কমিউটার ১০ টাকা বাড়িয়ে ২৩০ টাকা, শোভন চেয়ার ২০ টাকা বাড়িয়ে ৫৪৫ টাকা, স্নিগ্ধা ৩৪ টাকা বাড়িয়ে ১০৪১ টাকা, এসি সিট ৪৬ টাকা বাড়িয়ে ১২৫৪ টাকা এবং এসি র্বাথ ৬৯ টাকা বাড়িয়ে ১৯২৫ টাকা করা হয়েছে।

ঢাকা-দেওয়ানগঞ্জ পথে মেইল ট্রেনের ভাড়া বাড়েনি, কমিউটারে ৫ টাকা বেড়ে ১১০ টাকা, শোভন চেয়ার ৫ টাকা বেড়ে ২৫৫ টাকা, স্নিগ্ধা ৪৭৮ থেকে বেড়ে ৪৮৯ টাকা, এসি সিট ১২ টাকা বেড়ে ৫৮৭ টাকা, এসি বার্থ ১৭ টাকা বাড়িয়ে ৯২৪ টাকা করা হয়েছে।

সূত্র: বিডিনিউজ 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button