তিন সচিবকে সরাল সরকার

তিন সচিবকে সরাল সরকার

গাজীপুর কণ্ঠ ডেস্ক : বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার ক্ষমতায় আসার মাত্র এক সপ্তাহের মধ্যেই প্রশাসনের উপর দিয়ে বইতে শুরু করেছে পরিবর্তনের হাওয়া।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে তিন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিবকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

সরানো হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্না এবং ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিনকে।

তিনজনকেই জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তবে এই মুহূর্তে শূন্য পদগুলিতে নতুন কোনও মুখ আনা হয়নি।

গত ১৭ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর ক্ষমতায় বসে বিএনপি সরকার। তার পর থেকেই একে একে বদলে যাচ্ছে প্রশাসনের চেনা মুখগুলি।

মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের মতো শীর্ষ পদেও এরই মধ্যে নতুন নিয়োগ হয়েছে।

একই দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদেও বদল এসেছে। ছয়টি সিটি করপোরেশনে নিয়োগ পেয়েছেন নতুন প্রশাসক। এর আগের দিন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, প্রিন্সিপাল স্টাফ অফিসার ও ডিজিএফআই প্রধানের পদেও এসেছে নতুন মুখ। আর রোববার পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান।

সব মিলিয়ে নতুন সরকারের প্রথম সপ্তাহেই বাংলাদেশের সামরিক-বেসামরিক প্রশাসনে যে ব্যাপক রদবদল শুরু হয়েছে, তা স্পষ্ট করে দিচ্ছে — পুরনো কাঠামো ভেঙে নতুন করে সাজানোর পরিকল্পনা নিয়েই এগোচ্ছে ঢাকার নতুন ক্ষমতাকেন্দ্র।