গাজীপুর কণ্ঠ ডেস্ক : সৌদি আরবের পাঠানো উপহারের খেজুর বিতরণ করা হয়েছে কালীগঞ্জ উপজেলার ৩০টি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের জন্য।
শুক্রবার (১৩ মার্চ) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
জানা গেছে, জুমার নামাজের পর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের যৌথ উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। এতে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে খেজুর তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এ. টি. এম. কামরুল ইসলাম।

গাজীপুর জেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার মাধ্যমে কালীগঞ্জ উপজেলার জন্য ১৫ কার্টুন, অর্থাৎ মোট ১২০ কেজি খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানের শিক্ষার্থী সংখ্যার অনুপাতে এই খেজুর ভাগ করে দেওয়া হয়েছে।
গাজীপুর জেলার পাঁচ উপজেলার জন্য মোট বরাদ্দ ৯৩ কার্টুন। এর মধ্যে সবচেয়ে বেশি পেয়েছে কাপাসিয়া ২৬ কার্টুন। এরপর রয়েছে কালিয়াকৈর ২০, শ্রীপুর ২২, কালীগঞ্জ ১৫ এবং গাজীপুর সদর ১০ কার্টুন। প্রতিটি কার্টুনে রয়েছে ৮ কেজি করে খেজুর।
উল্লেখ্য, ২০১৫ সালে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের নামে প্রতিষ্ঠিত ‘কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার’ (কেএসরিলিফ) রমজান উপলক্ষে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে খেজুর সহ খাদ্যসামগ্রী উপহার পাঠিয়ে থাকে। সেই ধারাবাহিকতায় এ বছরও বাংলাদেশে এই খেজুর পাঠানো হয়েছে।