গাজীপুর কণ্ঠ ডেস্ক : ছয় সিটি করপোরেশনের ধারাবাহিকতায় বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লাতেও বিএনপি নেতাদের প্রশাসকের দায়িত্ব দিয়েছে সরকার।
শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তারা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
বরিশাল সিটির করপোরেশনের প্রশাসক হয়েছেন বিলকিস আক্তার জাহান শিরীন। তিনি বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
রাজশাহী সিটিতে দায়িত্ব পেয়েছেন মাহফুজুর রহমান। তিনি মহানগর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব সামলে আসছেন।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রুকুনোজ্জামান রোকন পেয়েছেন সেখানকার নগর সংস্থার দায়িত্ব।
রংপুর সিটি করপোরেশনের প্রশাসক হয়েছেন মাহফুজ উন নবী চৌধুরী; তিনি রংপুর মহানগরের সদস্য সচিব।
কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা হয়েছেন সেখানকার সিটি করপোরেশনের প্রশাসক।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপধারা (১) এর অনুবৃত্তিক্রমে নিম্নবর্ণিত ব্যক্তিগণকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো’।
প্রজ্ঞাপনে জানানো হয়, নিয়োগ পাওয়া প্রশাসকগণ স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপ-ধারা (৩) অনুযায়ী সিটি কর্পোরেশনের মেয়র এর ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা পাবেন।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ছয়টি সিটি কর্পোরেশনে পূর্ণকালীন বিএনপির ছয় নেতাকে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।
তারা হলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মো. আব্দুস সালাম; ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মো. শফিকুল ইসলাম খান; খুলনা সিটি কর্পোরেশনে নজরুল ইসলাম মঞ্জু; সিলেট সিটি কর্পোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী; নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি কর্পোরেশনে মো. শওকত হোসেন সরকার।