হরমুজ প্রণালি সচল করতে একমত ফ্রান্স ও দক্ষিণ কোরিয়া

হরমুজ প্রণালি সচল করতে একমত ফ্রান্স ও দক্ষিণ কোরিয়া

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে সৃষ্ট বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তা কাটাতে এবং অবরুদ্ধ হরমুজ প্রণালি পুনরায় সচল করতে একযোগে কাজ করার ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ুং। শুক্রবার সিউলে দুই নেতার মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে এক টেলিভিশন ব্রিফিংয়ে ফরাসি প্রেসিডেন্ট বলেন, হরমুজ প্রণালি উন্মুক্ত করা এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে ফ্রান্স ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সহযোগিতা অত্যন্ত জরুরি।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ুং জানান, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপদ রুট নিশ্চিত করতে তারা পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তবে এই গুরুত্বপূর্ণ জলপথ সচল করতে তারা ঠিক কী ধরনের পদক্ষেপ নেবেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি দুই নেতার কেউ। ব্রিফিং শেষে তারা সাংবাদিকদের কোনও প্রশ্নও নেননি।

২০১৭ সালে দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল দক্ষিণ কোরিয়ায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর প্রথম সফর। বর্তমানে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালি দিয়ে পণ্য ও জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে।

সূত্র: এপি