গাজীপুর কণ্ঠ ডেস্ক
কালীগঞ্জে মাদকাসক্ত অবস্থায় নিজের বাড়িতে আগুন লাগানোর অভিযোগে মাছুম শেখ (৩৫) নামের এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন মোবাইল কোর্ট।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তাকে মোবাইল কোর্টে হাজির করা হলে কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার এই দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত মাছুম শেখ জামালপুর ইউনিয়নের বালুয়াভিটা এলাকার মৃত সফুর উদ্দিন শেখের ছেলে।
পুলিশ ও মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, মাছুম শেখ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদক সেবন করে তিনি প্রায়ই বাড়িতে ও এলাকায় উপদ্রব সৃষ্টি করতেন। বুধবার বিকেলে নেশাগ্রস্ত অবস্থায় তিনি নিজের বাড়িতে আগুন লাগিয়ে দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে স্থানীয় বাসিন্দারা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
এ ঘটনায় ছেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করেন মাছুমের মা নিজেই। এর ভিত্তিতে বৃহস্পতিবার তাকে মোবাইল কোর্টে হাজির করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানার আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার। দণ্ডাদেশের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মোবাইল কোর্টের প্রসিকিউটরের দায়িত্ব পালন করা কালীগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. এমারত হোসেন সত্যতা নিশ্চিত করেছেন।