বিশেষ প্রতিনিধি
গাজীপুর মহানগরের কোনাবাড়ি থানা এলাকায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাত একটার দিকে কোনাবাড়ি থানার দেওলিয়াবাড়ি এলাকার গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি কাটার, দুটি হাসুয়া ও একটি ট্রাক জব্দ করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. জিয়াউল খান (২৬), মো. আলমগীর হোসেন (৩০), মো. আলামিন (২৬), মো. শাকিল (২২) ও মো. মাহাদী হাসান (২৫)।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) মিডিয়া অফিসার পরিদর্শক খন্দকার জালাল উদ্দিন মাহমুদ জানান, দেওলিয়াবাড়ি এলাকার কোনাবাড়ি কলেজের সামনে কিছু দুষ্কৃতকারী একত্রিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে জিএমপির গোয়েন্দা পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে পাঁচজনের দেহ তল্লাশি করে একটি কাটার ও দুটি হাসুয়া উদ্ধার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তার হওয়া মো. জিয়াউল খানের বিরুদ্ধে তিনটি চুরির মামলা এবং মো. আলমগীর হোসেনের বিরুদ্ধে একটি চুরির মামলা, একটি ডাকাতির প্রস্তুতির মামলা ও একটি ডাকাতির মামলা আগে থেকেই রয়েছে।