৫০ লাখ টাকার জাল নোট জব্দ, কালীগঞ্জের যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩

৫০ লাখ টাকার জাল নোট জব্দ, কালীগঞ্জের যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩

নিজস্ব সংবাদদাতা

রাজধানীর গুলশানে অভিযান চালিয়ে ৫০ লাখ টাকা সমমূল্যের জাল নোট জব্দ করেছে পুলিশ। সে সময় কালীগঞ্জের নাগরী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে গুলশানের ৩৬ নম্বর রোডের ১১/এ নম্বর বাসার সামনে এই অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন কালীগঞ্জের নাগরী ইউনিয়নের বাগদী এলাকার বাসিন্দা সুরুজ শেখের ছেলে ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি রেজাউল শেখ (৪০), তার সহযোগী মো. আবু হানিফ পালোয়ান (৫০) এবং আব্দুল্লাহ মজুমদার আশিক (২৪)।

গ্রেপ্তার যুবলীগ নেতা রেজাউল শেখ (ফাইল ফটো)।

ডিএমপি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গুলশানের ৩৬ নম্বর রোডের ১১/এ নম্বর বাসার সামনে অভিযান পরিচালনা করে একটি সাদা প্রাইভেট কার তল্লাশি করে বাজারের ব্যাগে থাকা এক হাজার টাকার ৫০টি বান্ডেলে মোট ৫০ লাখ টাকা সমমূল্যের জাল নোট উদ্ধার করা হয়। সে সময় গাড়ির ভেতরে থাকা রেজাউল শেখ, মো. আবু হানিফ পালোয়ান এবং আব্দুল্লাহ মজুমদার আশিক গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি গাড়িটিও জব্দ করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পুলিশকে জানায়, তারা দীর্ঘদিন ধরে জাল টাকার কারবারে জড়িত। মিরপুর থেকে প্রাইভেট কারে জাল নোট নিয়ে তারা গুলশানে বিক্রি করার জন্য এসেছিল‌। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে চক্রের মূল হোতাদের সম্পর্কে বিস্তারিত তথ্য উদ্ঘাটন করা হবে। সংশ্লিষ্ট সকলকে আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর নাগরী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি রেজাউল শেখ এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। দীর্ঘদিন পর জাল নোটসহ তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পূবাইল এলাকায় তার একটি পাঁচতলা বাড়ি এবং নাগরী বাজারে ‘নিউ মার্কেট’ নামে একটি বড় বিপণিকেন্দ্র রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।