শ্রীপুরে নারী পুলিশ সদস্যকে মারধর, ঘরে হামলা-লুট, স্বামীসহ ৯ জন আসামি

আসামিদের একজন গাজীপুর জেলা যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য।

শ্রীপুরে নারী পুলিশ সদস্যকে মারধর, ঘরে হামলা-লুট, স্বামীসহ ৯ জন আসামি

বিশেষ প্রতিনিধি 

গাজীপুরের জয়দেবপুর থানার এক নারী কনস্টেবলের ঘরে ঢুকে মারধর, ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। আসামিদের একজন গাজীপুর জেলা যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য।

ভুক্তভোগী নাহিদ সুলতানা (৩৪) বাদী হয়ে ঘটনার পর শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তাতে তার স্বামী আল আমিন (৩৫), ভাসুর যুবদল নেতা রাকিবুল আকন্দ (৩৯), দেবর আমিনুল আকন্দ (৩৪) এবং পরিবারের আরও ছয়জনকে আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন সায়েদা (৩৮), শিল্পী (৩৪), তানিয়া (২৮), রাহিমা (৬৫), আমেনা (৪৫) ও জোয়েনা (৩৪)।

অভিযোগে বলা হয়েছে, গত ১৬ নভেম্বর সকাল সাতটার দিকে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় নাহিদের ঘরের সামনে এসে অভিযুক্তরা গালাগাল শুরু করেন। প্রতিবাদ করলে তারা ঘরে ঢুকে তাকে এলোপাতাড়ি মারধর করেন।

নাহিদ সুলতানা অভিযোগে বলেছেন, তাকে হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরা হয় এবং বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করা হয়। এতে তার কপাল ফেটে রক্ত ঝরে। টানাহেঁচড়ার সময় তার শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগে উল্লেখ আছে।

অভিযোগে আরও বলা হয়েছে, হামলাকারীরা ঘরের সিসি ক্যামেরা ও আসবাবপত্র ভাঙচুর করেন, যার ক্ষতি প্রায় ২৫ হাজার টাকা। তারা ওয়াইফাই লাইনও কেটে দেন। নাহিদের দাবি, তার গলা থেকে প্রায় ৮১ হাজার টাকা মূল্যের ছয় আনা দুই রতির একটি স্বর্ণের চেইন, ৩৪ হাজার টাকার দুই আনা দুই রতির একটি স্বর্ণের আংটি, ১৫ হাজার টাকার একটি রুপার আংটি এবং ১৫ হাজার টাকা মূল্যের একটি স্যামসাং স্মার্টফোন জোর করে ছিনিয়ে নেওয়া হয়।

নাহিদ সুলতানা বলেছেন, চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্তরা তাকে ও তার মেয়েকে খুন করে লাশ গুম করার এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন। পরে ৯৯৯-এ ফোন করা হলে শ্রীপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের সহায়তায় আহত নাহিদকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

অভিযোগপত্রে নাহিদ সুলতানা বলেছেন, স্বামী প্রবাসে থাকায় পারিবারিক নানা বিষয় নিয়ে ভাসুর, দেবর, ননদ ও শাশুড়ির সঙ্গে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন স্বামীর কুপরামর্শেই তারা হামলা চালান বলে তিনি অভিযোগ করেছেন। তিনি সুষ্ঠু তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।

অভিযোগ অস্বীকার করে গাজীপুর জেলা যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য রাকিবুল আকন্দ বলেছেন, তার ভাই বিদেশ থেকে নাহিদ সুলতানাকে তালাক পাঠিয়েছেন। এরপরও নাহিদ সুলতানা জোর করে তাদের বাড়িতে থেকে তার মা ও বোনকে মারধর করেছেন। তার দাবি, তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।

জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন বলেন, নাহিদকে তার বসবাসের এলাকায় গিয়ে আইনগত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, তিনি সম্প্রতি এ থানায় যোগ দিয়েছেন। বিষয়টি দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।