আন্তর্জাতিক ডেস্ক
পারমাণবিক আলোচনা ব্যর্থ হওয়ার পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে পূর্ণ নৌ-অবরোধ আরোপের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে চূড়ান্ত সামরিক পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে বেশির ভাগ বিষয়ে সমঝোতা হলেও পারমাণবিক প্রশ্নে কোনো অগ্রগতি হয়নি। এরই পরিপ্রেক্ষিতে ট্রাম্প মার্কিন নৌবাহিনীকে হরমুজ প্রণালীতে যাতায়াতকারী সব জাহাজ অবরোধের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

ট্রাম্প অভিযোগ করেন, ইরান প্রণালীতে মাইন পুঁতে জাহাজগুলোকে জিম্মি করে অবৈধ টোল আদায় করছে। তিনি এটিকে ‘বিশ্ব চাঁদাবাজি’ আখ্যা দিয়ে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র কখনো এই ধরনের চাঁদাবাজি সহ্য করবে না।
ট্রাম্প আরও জানান, যেসব জাহাজ ইরানকে অবৈধ টোল পরিশোধ করেছে, সেগুলো আন্তর্জাতিক জলসীমায় আটক করতে নৌবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ইরানের পাতা মাইন ধ্বংসের কার্যক্রমও শুরু হবে বলে তিনি জানান।
মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, মার্কিন অভিযানে ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইতিমধ্যে কার্যত অকেজো হয়ে গেছে। ইরানের শীর্ষ নেতাদেরও বড় অংশ নিহত হয়েছেন বলে তিনি দাবি করেন।
ট্রাম্প হুঁশিয়ারি দেন, কোনো ইরানি বাহিনী মার্কিন জাহাজ বা শান্তিপূর্ণ কোনো জাহাজে আক্রমণ করলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ট্রাম্প জানান, এই নৌ-অবরোধে অন্যান্য দেশও অংশ নেবে। তিনি ইঙ্গিত দেন, পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা পরিত্যাগ না করলে ইরানের অবশিষ্ট সামরিক সক্ষমতাও ধ্বংস করা হবে।