প্রথমবারের মতো নারী সেনাপ্রধান পাচ্ছে অস্ট্রেলিয়া

বর্তমানে চিফ অফ জয়েন্ট ক্যাপাবিলিটিজ পদে থাকা লেফটেন্যান্ট জেনারেল সুসান কোয়েল জুলাইয়ে সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেবেন।

প্রথমবারের মতো নারী সেনাপ্রধান পাচ্ছে অস্ট্রেলিয়া

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক 

অস্ট্রেলিয়া জানিয়েছে, ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী তাদের দেশের সেনাবাহিনীর নেতৃত্ব দেবেন। দেশটির প্রতিরক্ষা বাহিনীর নেতৃত্বের রদবদলের অংশ হিসেবে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার সরকার জানায়, লেফটেন্যান্ট জেনারেল সুসান কোয়েল জুলাই মাস থেকে সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্বপালন করবেন।

রয়টার্স জানিয়েছে, কোয়েল বর্তমানে চিফ অফ জয়েন্ট ক্যাপাবিলিটিজ পদে আছেন। জুলাইয়ে সেনাপ্রধান হিসেবে তিনি লেফটেন্যান্ট জেনারেল সাইমন স্টুয়ার্টের স্থলাভিষিক্ত হবেন।

অস্ট্রেলিয়ার সামরিক বাহিনী তাদের অফিসার র‌্যাঙ্কে নারী কর্মকর্তার সংখ্যা বাড়াতে চাইছে। সেই ধারাবাহিকতায়ই কোয়েলকে সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হল। দেশটির সামরিক বাহিনী পরিকল্পিত যৌন হয়রানি ও বৈষম্যের বহু অভিযোগের মুখে পড়েছে।

এক বিবৃতিতে দেশটির প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ বলেছেন, “জুলাই থেকে আমরা সেনাবাহিনীর প্রথম নারী প্রধানকে পাবো। তিনি অস্ট্রেলিয়ার সেনাবাহিনীর ১২৫ বছরের ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস কোয়েলের নিয়োগকে একটি ‘যুগান্তকারী ঐতিহাসিক মুহূর্ত’ বলে বর্ণনা করেছেন।

বর্তমানে ৫৫ বছর বয়সী কোয়েল ১৯৮৭ সালে অস্ট্রেলিয়ার সামরিক বাহিনীতে যোগ দেন। পরবর্তীতে তিনি সেনাবাহিনীর অনেকগুলো দায়িত্বশীল পদ সামলেছেন। দেশটির সামরিক বাহিনীর সবগুলো শাখার মধ্যে তিনিই প্রথম একটির নারী প্রধান হতে যাচ্ছেন।

বর্তমানে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীর (এডিএফ) প্রায় ২১ শতাংশ নারী। এদের মধ্যে ১৮ দশমিক ৫ শতাংশ ঊধ্র্বতন নেতৃত্বের ভূমিকায় আছেন। ২০৩০ সালের মধ্যে বাহিনীতে নারীদের অংশগ্রহণ ২৫ শতাংশ করার লক্ষ্য নিয়েছে এডিএফ।