গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) কুদস বাহিনীর কমান্ডার বলেছেন, কোনো কিছু অর্জন করা ছাড়াই যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসকগোষ্ঠীকে (ইসরায়েল) মধ্যপ্রাচ্য ছাড়তে হবে।
“পুরো অঞ্চলজুড়ে প্রতিরোধ অক্ষের সমন্বিত বাহিনীর শক্তিশালী ও কার্যকর উপস্থিতি রয়েছে, আমরা মানবতার শত্রুদের অপেক্ষায় রয়েছি।
“বীর ইয়েমেন, বাব-আল মানদেব ও লোহিত সাগর থেকে কীভাবে খালি হাতে পালাতে হয়েছিল যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসকগোষ্ঠীর তা মনে করা উচিত। এখন তারা কোনো অর্জন ছাড়াই এ অঞ্চল ছাড়বে,” সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি এসব বলেছেন বলে জানিয়েছে ইরানি বার্তা সংস্থা তাসনিম।
মার্কিন নৌবাহিনী ‘হরমুজ প্রণালিতে ঢোকা বা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করা সব নৌযানকে আটকাতে’ ব্যবস্থা নেওয়ার কাজ শুরু করছে বলে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির পর আইআরজিসির কুদসপ্রধানের এ মন্তব্য এল।
ট্রাম্পের পর মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানায়, ইরানে যাওয়া বা দেশটি থেকে বের হওয়া নৌযানের ওপরই কেবল এই অবরোধ বলবৎ হবে।
সোমবার ওয়াশিংটন সময় সকাল ১০টা থেকে এ অবরোধ কার্যকর হবে বলেও জানিয়েছে তারা।