পিএইচপি-র ত্রুটি: বিশ্বজুড়ে সেবা বন্ধ, হ্যাকিং চেষ্টা মিলিয়ন ছাড়াল

ইউরোপসহ বিভিন্ন অঞ্চলের সরকার সতর্কতামূলকভাবে ওয়েবসাইট বন্ধ করে দেয়।

পিএইচপি-র ত্রুটি: বিশ্বজুড়ে সেবা বন্ধ, হ্যাকিং চেষ্টা মিলিয়ন ছাড়াল

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক

ইন্টারনেটের বড় একটি অংশ যে পিএইচপি প্রোগ্রামিং ভাষার ওপর দাঁড়িয়ে আছে, তার গুরুতর নিরাপত্তা-ত্রুটি প্রকাশ পাওয়ার পর বিশ্বজুড়ে ব্যাংক, বিমান, রেল ও সরকারি সেবা বন্ধ হয়ে গেছে। ত্রুটির খবর প্রকাশের পর হ্যাকিংয়ের চেষ্টা বেড়ে কয়েক মিলিয়নে পৌঁছেছে বলে জানিয়েছে ক্লাউড সেবাদাতা প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ার ও অ্যামাজন।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ তথ্য জানা গেছে।

খবরে বলা হয়, ত্রুটি সারাতে বৃহস্পতিবার কোম্পানি ও সরকারগুলো ছুটোছুটি করেছে। এর আগের দিন বুধবার ইউরোপসহ বিভিন্ন অঞ্চলের সরকার সতর্কতামূলকভাবে ওয়েবসাইট বন্ধ করে দেয়। ওয়েবসাইট পরিচালকেরা তখন নিজেদের সিস্টেম নিরাপদ করতে হিমশিম খাচ্ছিলেন।

পিএইচপি-র নির্মাতারা বুধবার ত্রুটিগুলোর সমাধান প্রকাশ করে ব্যবহারকারীদের “অবিলম্বে হালনাগাদ” করতে বলেছেন। এইচটিএমএল ও পাইথনের মতো পিএইচপিও একটি কম্পিউটার ভাষা। ত্রুটিগুলো বছরের পর বছর এতে লুকিয়ে ছিল। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সম্প্রতি সেগুলো ধরা পড়েছে।

ক্লাউডফ্লেয়ারের প্রধান নির্বাহী ম্যাথিউ প্রিন্স বুধবার গভীর রাতে এক্সে দেওয়া পোস্টে জানান, ত্রুটির খবর প্রকাশ্যে আসার আগের ১০ ঘণ্টায় তাঁদের নেটওয়ার্কে এটি কাজে লাগানোর হাজার হাজার চেষ্টা হয়েছিল। ঘোষণার পর ৪৫ মিনিটে তা বেড়ে হয় দশ হাজারের বেশি, দুই ঘণ্টার মধ্যে কয়েক লাখ। প্রিন্স লেখেন, “এখন তা মিলিয়ন ছাড়িয়েছে।” অ্যামাজনও জানিয়েছে, তারা ব্যাপক হারে ত্রুটি কাজে লাগানোর চেষ্টা দেখেছে।

বেলজিয়ামের সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান এইকিডো সিকিউরিটির সহপ্রতিষ্ঠাতা ম্যাডেলিন লরেন্স বলেন, সমাধান প্রস্তুত হওয়ার আগেই ত্রুটির বিস্তারিত প্রকাশ্যে চলে আসে, আর তারপর থেকে হামলার খবর আসছে। তিনি বলেন, “যারা এআই ব্যবহার করে এসব ত্রুটি কাজে লাগাতে পারে, সেই হামলাকারীদের সঙ্গে পাল্লা দিয়ে কোম্পানিগুলো হালনাগাদ করছে। পুরো প্রতিযোগিতা এটাই।”

টোকিও থেকে হেলসিঙ্কি পর্যন্ত ব্যাংক, বিমান, রেল, কর ও সরকারি সেবা জরুরি ভিত্তিতে বন্ধ হওয়ায় বোঝা যাচ্ছে, দীর্ঘদিনের এই প্রযুক্তির ওপর সরকার ও কোম্পানিগুলো কতটা নির্ভরশীল। অথচ এই কোড সম্পর্কে খুব কম মানুষই ভালো করে জানেন।

জার্মানিতে একটি অনুষ্ঠানে মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা বৃহস্পতিবার বলেন, “অনেক অনেক দিনের মধ্যে আমি এমন কিছু দেখিনি।” তিনি বলেন, জটিল সিস্টেমও যেন নিরাপদে রক্ষণাবেক্ষণ করা যায়, এমন সফটওয়্যার বানানো কতটা জরুরি, ঘটনাটি তা দেখিয়েছে। নাদেলা আরও বলেন, “আইটি ও নিরাপত্তা কর্মীদের জন্য এটা ছিল দীর্ঘ একটি দিন ও দীর্ঘ একটি রাত, আমি জানি।”

জাপানে সেবা স্থগিত

বৃহস্পতিবার জরুরি ব্যবস্থা হিসেবে জাপানের ব্রোকারেজ প্রতিষ্ঠান নোমুরা, ঋণদাতা মিতসুবিশি ইউএফজে ফাইন্যান্সিয়াল গ্রুপ, বিমান সংস্থা এএনএ এবং ইস্ট জাপান রেলওয়ে কিছু ইন্টারনেট সেবা সাময়িকভাবে স্থগিত করেছে। পানীয় নির্মাতা আসাহি গ্রুপ হোল্ডিংস কিছু ওয়েবসাইট ও সিস্টেম সাময়িকভাবে বন্ধ রেখে নিরাপত্তাঝুঁকির মূল্যায়ন করছে। বিমা প্রতিষ্ঠান টোকিও মেরিন হোল্ডিংস তাদের গ্রুপ ওয়েবসাইট স্থগিত করেছে।

জাপানের অর্থ মন্ত্রণালয় ও আবহাওয়া সংস্থা নিরাপত্তা ব্যবস্থা নিতে অনলাইন সেবার একাংশ বন্ধ রেখেছে। দেশটির জাতীয় কর সংস্থা তাদের একটি সেবা সাময়িকভাবে বন্ধ করেছে।

ট্রেন্ডএআই-এর তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম নয় মাসে জাপানে সাইবার ঘটনা ঘটেছে গত বছরের পুরো সময়ের চেয়ে বেশি। সতর্কতামূলক এই বন্ধের সিদ্ধান্তে সাইবার নিরাপত্তা নিয়ে দেশটির বাড়তি উদ্বেগের প্রতিফলন ঘটেছে।

ফ্রান্স, চীন ও ফিনল্যান্ড

ফরাসি টেলিযোগাযোগ প্রতিষ্ঠান অরেঞ্জ জানিয়েছে, সতর্কতা হিসেবে তাদের কয়েকটি সহযোগী প্রতিষ্ঠানের পিএইচপি-নির্ভর কিছু ওয়েবসাইট ও অ্যাপ্লিকেশনে প্রবেশাধিকার সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

চীনের অন্যতম বড় ক্লাউড কম্পিউটিং প্রতিষ্ঠান টেনসেন্ট ক্লাউড গ্রাহকদের পিএইচপি-র হালনাগাদ সংস্করণ বসাতে বলেছে। তবে ব্যাপকভাবে ওয়েবসাইট বন্ধ করার আহ্বান জানায়নি।

ফিনল্যান্ডের রাষ্ট্রীয় আইটি সেবাদাতা প্রতিষ্ঠান ভালতোরি এক দিন আগে সরকারি ওয়েবসেবা বন্ধ করে দিয়েছিল। প্রতিষ্ঠানটি জানায়, তারা রাতভর নিরাপত্তা প্যাচ বসিয়েছে এবং এখন ধাপে ধাপে সতর্কতামূলক নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। ভালতোরির মহাপরিচালক হান্নু নাউমানেন এক বিবৃতিতে বলেন, “সেবা পুনরুদ্ধারে কয়েক দিন, এমনকি কয়েক সপ্তাহও লাগতে পারে। কারণ হালনাগাদের পাশাপাশি সিস্টেমগুলো সতর্কতার সঙ্গে পরীক্ষাও করতে হয়।”

ভালতোরি আরও জানায়, ত্রুটি কাজে লাগানো বা সাইবার হামলার কারণে এসব সেবা বন্ধ হয়নি। ত্রুটিগুলোর সক্রিয় অপব্যবহারের কোনো তথ্যও তাদের জানা নেই।

এশিয়ায় নিরাপত্তা পরিদর্শনের নির্দেশ

বৃহস্পতিবার এশিয়ার কয়েকটি দেশের সরকার পিএইচপি-সংক্রান্ত ত্রুটি নিয়ে সাইবার নিরাপত্তা পরিদর্শনের নির্দেশ দিয়েছে।

চীনের শিল্প মন্ত্রণালয় প্রতিষ্ঠান ও ব্যবহারকারীদের সিস্টেম পরীক্ষা করে পিএইচপি-র সর্বশেষ নিরাপদ সংস্করণে হালনাগাদ করতে বলেছে। সাইবার নিরাপত্তা পর্যবেক্ষণ জোরদার করা এবং প্রয়োজনে অ্যাকাউন্ট, পাসওয়ার্ড ও কী পরিবর্তনেরও সুপারিশ করেছে মন্ত্রণালয়।

দক্ষিণ কোরিয়া বেসরকারি খাতের সাইবার নিরাপত্তা সতর্কতার মাত্রা বাড়িয়েছে এবং জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা সক্রিয় করেছে। হ্যাকিং হামলার ঝুঁকি বেড়ে যাওয়ার আশঙ্কার কথা জানিয়েছে দেশটি।

ছোট প্রতিষ্ঠানে ঝুঁকি বেশি

জার্মান ডিজিটাল শিল্প সমিতি বিটকমের নিরাপত্তাপ্রধান ফেলিক্স কুলেনক্যাম্প বলেন, অনেক বড় অপারেটর ইতিমধ্যে হালনাগাদ সম্পন্ন করেছে। তবে জটিল আইটি ব্যবস্থা ও ছোট প্রতিষ্ঠানের ক্ষেত্রে বেশি সময় লাগতে পারে। তিনি বলেন, “তারা হয়তো পিএইচপি দিয়ে ওয়েবসাইট চালায়, কিন্তু সেটির দিকে নিবিড় নজর রাখে না।” কুলেনক্যাম্প জানান, কোনো ওয়েবসাইট পিএইচপি-র এমন পুরোনো সংস্করণে চললে, যার জন্য নিরাপত্তা হালনাগাদ নেই, তখন পুরো সিস্টেমই নতুন করে হালনাগাদ করতে হবে।