গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি ‘হুজ হু’ সম্মাননায় ভূষিত

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি ‘হুজ হু’ সম্মাননায় ভূষিত

বিশেষ প্রতিনিধি

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ‘হুজ হু বাংলাদেশ-২০২৬’ সম্মাননায় ভূষিত হয়েছেন। কৃষি ও মৃত্তিকা বিজ্ঞানে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা অর্জন করেন।

গত শনিবার ঢাকার একটি হোটেলে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান তাঁর হাতে এই সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ‘হুজ হু বাংলাদেশ’-এর প্রধান নির্বাহী নাজিনুর রহিম ও সম্পাদক লুৎফুন নাহার তাপসীসহ দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনেরা।

সম্মাননা প্রসঙ্গে উপাচার্য বলেন, ‘এই সম্মাননা শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, এটি বাংলাদেশের কৃষি, গবেষণা ও জ্ঞানচর্চার প্রতি একটি আন্তর্জাতিক স্বীকৃতি।’ তিনি ‘হুজ হু বাংলাদেশ’ কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

জানা গেছে, ২০০৪ সালে বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দিয়ে ২০০৮ সালে অধ্যাপক পদে উন্নীত হন তিনি। শিক্ষাজীবনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে স্নাতক (১৯৮৮) ও মৃত্তিকা বিজ্ঞানে স্নাতকোত্তর (১৯৯৩) সম্পন্ন করে জাপানের চিবা বিশ্ববিদ্যালয় থেকে ২০০০ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি।