গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে আন্তর্জাতিক সিএবিআই কোর্স

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে আন্তর্জাতিক সিএবিআই কোর্স

বিশেষ প্রতিনিধি

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) উচ্চশিক্ষাকে আরও বাস্তবমুখী, যুগোপযোগী ও বৈশ্বিক মানসম্পন্ন করার লক্ষ্যে চালু হচ্ছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর অ্যাগ্রিকালচার অ্যান্ড বায়োসায়েন্সেস ইন্টারন্যাশনালের (সিএবিআই) একাডেমিক কোর্স।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সভাকক্ষে সিএবিআই কোর্সমূহকে বিশ্ববিদ্যালয়ের কারিকুলামের সঙ্গে অন্তর্ভুক্তিকরণ বিষয়ক একটি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ধরনের কারিকুলাম অন্তর্ভুক্তির বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সেকশন অফিসার মো. রনি ইসলাম।

তিনি বলেন, এই উদ্যোগের মূল লক্ষ্য শিক্ষাকে কেবল পাঠ্যবইয়ের গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনের সমস্যা সমাধানে সক্ষম, দক্ষ ও মানবিক পেশাজীবী তৈরি করা। সিএবিআই একাডেমিক কোর্সের বিশেষ বৈশিষ্ট্য হলো আন্তর্জাতিক মানের কন্টেন্ট, বাস্তব সমস্যাভিত্তিক শিক্ষা, অনলাইন ও স্বশিক্ষণ সুবিধা এবং স্বীকৃত সার্টিফিকেট প্রদান।

সভায় সভাপতিত্ব করেন গাকৃবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।

বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. এম. ময়নুল হক, সিএবিআই বাংলাদেশের কান্ট্রি প্রতিনিধি ড. মো. সালেহ আহমেদ এবং সিএবিআইয়ের ডিজিটাল টুলস ইউনিটের গ্লোবাল লিড ড. মালবিকা চৌধুরী। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষকবৃন্দ ও সিএবিআই-সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা সভায় অংশগ্রহণ করেন।

ড. সালেহ আহমেদ তাঁর বক্তব্যে সিএবিআইয়ের বৈশ্বিক কার্যক্রম ও শিক্ষামুখী উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

ড. মালবিকা চৌধুরী সিএবিআই একাডেমি ও ডিজিটাল লার্নিং কোর্সমূহের ওপর একটি তথ্যবহুল ও সচিত্র উপস্থাপনা প্রদান করেন, যা উপস্থিত সকলকে আধুনিক শিক্ষার নতুন সম্ভাবনার সঙ্গে পরিচিত করে তোলে।

সভায় গাকৃবির বিদ্যমান ডিজিটাল হার্বেরিয়ামকে সিএবিআইয়ের সঙ্গে সংযুক্ত করা, সিএবিআই ইন্ডেক্সড জার্নালে গাকৃবির সাইটেশন অন্তর্ভুক্ত করা, যৌথ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা এবং সনদ প্রদান বিষয়ে পারস্পরিক আগ্রহ প্রকাশ করা হয়, যা ভবিষ্যতে দুই প্রতিষ্ঠানের মধ্যে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

সভাপতির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, ‘বর্তমান বিশ্বে কেবল ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তব দক্ষতা ও উদ্ভাবনী চিন্তাশক্তি।

সিএবিআইয়ের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেই সক্ষমতা অর্জনে সহায়তা করবে এবং দেশের কৃষি ও পরিবেশ খাতে ইতিবাচক পরিবর্তন আনবে।’