গাজীপুর কণ্ঠ ডেস্ক
প্রত্যাশিত দেশ গড়তে জনবান্ধব প্রশাসনের বিকল্প নেই বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, ‘দেশ এবং জনগণের স্বার্থে প্রশিক্ষিত জনপ্রশাসন দেখতে চায় বিএনপি সরকার। মেধানির্ভর, সৃজনশীল ও দায়িত্ববান প্রজন্ম গড়ে তুলতে বদ্ধপরিকর বর্তমান সরকার।’
শনিবার (২৫ এপ্রিল) সকালে বাংলাদেশ ইন্সটিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্টের (বিয়াম) নতুন আরেকটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, নিজেদেরকে শুধু প্রশাসনিক কর্মকর্তা নয় বরং জনগণের সেবক ভাবতে হবে।
স্বচ্ছতা ও দ্রুততার পাশাপাশি আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সরকারি কর্মকাণ্ড ঢেলে সাজানোর কথাও জানান প্রধানমন্ত্রী।
১৯৯১ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে যাত্রা শুরু করে বিয়াম ফাউন্ডেশন।
সরকারপ্রধান বলেন, ‘বর্তমান নির্বাচিত সরকার নির্বাচনি ইশতেহার ও স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন করবে।’
তিনি বলেন, ‘স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে সরকারি শূন্যপদে নিয়োগ দেওয়া হবে। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সরকারি কর্মকাণ্ড ঢেলে সাজাতে চায় বর্তমান সরকার।’
প্রতিযোগিতামূলক বিশ্ব ব্যবস্থায়, ব্যবসা বাণিজ্যের প্রসারে ওয়ান স্টপ সার্ভিস করে সব ব্যবস্থাকে ঢেলে সাজানো প্রয়োজন বলেও জানান প্রধানমন্ত্রী।