কালীগঞ্জে কৃষিজমির মাটি কাটায় লাখ টাকা জরিমানা

কালীগঞ্জে কৃষিজমির মাটি কাটায় লাখ টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা

কালীগঞ্জে অনুমোদন ছাড়া কৃষিজমির মাটি কেটে বাঁধ নির্মাণের দায়ে দুটি প্রতিষ্ঠানের প্রতিনিধিকে মোট এক লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। 

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে নাগরী ইউনিয়নের পৃথক দুটি স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

মোবাইল কোর্ট ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাগরী ইউনিয়নের বিরুয়া এলাকায় ঊর্মি গ্রুপ নামের একটি প্রতিষ্ঠান কৃষিজমির মাটি কেটে চারদিকে বাঁধ তৈরি করে ভেতরে বালু ভরাটের প্রস্তুতি নিচ্ছিল। ওই জমিতে রিসোর্ট নির্মাণের পরিকল্পনা ছিল প্রতিষ্ঠানটির। একই ইউনিয়নের দারকা ভাঙ্গা এলাকায় আরবানা রিয়েল এস্টেট লিমিটেড নামের একটি আবাসন প্রতিষ্ঠানও একইভাবে কৃষিজমিতে বালু ভরাটের উদ্দেশ্যে মাটি কেটে বাঁধ নির্মাণ করছিল। দুটি প্রতিষ্ঠানের কেউই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নেয়নি।

খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা উভয় স্থানে সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা যাচাই করেন। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় প্রতিষ্ঠানপ্রতি ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।

জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন ঊর্মি গ্রুপের প্রতিনিধি পিপুলিয়া এলাকার আব্দুল মালেকের ছেলে মো. আতিক (৪৮) এবং আরবানা রিয়েল এস্টেট লিমিটেডের প্রতিনিধি দারকাভাঙ্গা এলাকার মরহুম আব্দুল লতিফের ছেলে মো. মাহবুবুর রহমান (৪৮)।