কালীগঞ্জে ইভটিজিংয়ের দায়ে এক মাসের কারাদণ্ড

কালীগঞ্জে ইভটিজিংয়ের দায়ে এক মাসের কারাদণ্ড

নিজস্ব সংবাদদাতা

কালীগঞ্জে এক শিক্ষার্থীকে ইভটিজিং করার দায়ে নাজমুল আলম (৪২) নামের এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন উপজেলা প্রশাসন।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা এ দণ্ডাদেশ দেন।

মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, চুপাইর বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ইভটিজিং করার অভিযোগে স্থানীয়রা নাজমুল আলমকে আটক করেন। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন। সে সময় নাজমুল আলম ইভটিজিংয়ের অভিযোগ স্বীকার করেন। এরপর দণ্ডবিধি ১৮৬০-এর ৫০৯ ধারায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত নাজমুল আলম উপজেলার বক্তারপুর ইউনিয়নের উত্তর খৈকড়া এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে।