গাজীপুর কণ্ঠ ডেস্ক
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকারকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
গত মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে সাধারণ পোশাকে ব্যারাক থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।
৩২ বছর বয়সী এসআই রাকিবুল হাসান সরকার গাজীপুরের শ্রীপুর উপজেলার বাপ্তা গ্রামের বাসিন্দা মাইজ উদ্দিন সরকারের ছেলে।
তিনি কলাবাগান থানা পুলিশের জন্য নির্ধারিত কাঁঠালবাগান এলাকার একটি অস্থায়ী ব্যারাকে থাকতেন। কলাবাগান থানায় তাঁর যোগদান মাসখানেক আগে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার এসআই রাকিবুলের রাত্রিকালীন ডিউটি ছিল। বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি সাধারণ পোশাকে ব্যারাক থেকে একবার বের হন এবং চা খেয়ে ফিরে আসেন। এরপর রাত পৌনে আটটার দিকে আবার সাধারণ পোশাকে ব্যারাক ছেড়ে যান। তারপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তাঁর ব্যবহৃত মুঠোফোনটিও তখন থেকে বন্ধ রয়েছে।
পরিবারের সদস্যরাও এসআই রাকিবুলের কোনো সন্ধান জানেন না। পরিজনেরা জানিয়েছেন, তিনি স্বভাবে স্বাভাবিক ছিলেন এবং কারও সঙ্গে কোনো পারিবারিক বিরোধের তথ্য পাওয়া যায়নি।
পুলিশের এক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানান, এসআই রাকিবুল আগে কাস্টমস বিভাগে কর্মরত ছিলেন। সেই চাকরি ছেড়ে সম্প্রতি পুলিশে যোগ দেন। কাস্টমস ছেড়ে পুলিশের চাকরিতে এসে তিনি কিছুটা হতাশাগ্রস্ত থাকতেন বলে কোনো কোনো কর্মকর্তার ধারণা। এর আগেও রাকিবুল কয়েকবার নিখোঁজ হয়েছিলেন।
ডিএমপির নিউ মার্কেট জোনের সহকারী কমিশনার নাসিম-এ-গুলশান সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমরা তাঁর অবস্থান সম্পর্কে এখনো কোনো স্পষ্ট তথ্য পাইনি। ব্যারাক থেকে বের হওয়ার সময় থেকেই তাঁর মুঠোফোন বন্ধ দেখাচ্ছে। আমরা বিষয়টি জানার চেষ্টা করছি।’ তিনি আরও নিশ্চিত করেন, ব্যারাক ছাড়ার সময় রাকিবুলের সঙ্গে কোনো অস্ত্র ছিল না।
এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং সারা দেশের সব থানায় বিষয়টি জানিয়ে বার্তা পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।