নিজস্ব সংবাদদাতা
কালীগঞ্জে নিয়মবহির্ভূত উপায়ে কৃষিজমি থেকে মাটি কাটার দায়ে পৃথক দুটি স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ টি এম কামরুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন।
যাদের জরিমানা করা হয়েছে তারা হলেন, জাঙ্গালিয়া ইউনিয়নের ছাতিয়ানী এলাকার ইউসুফ আলী খন্দকারের ছেলে সামশুল হক খন্দকার (৬৫) এবং মোক্তারপুর ইউনিয়নের রাথুরা এলাকার আকবর আলীর ছেলে কাজী আমজাদ হোসেন (৬৭)।

ছাতিয়ানী এলাকায় কৃষিজমি থেকে অনুমোদন ছাড়াই মাটি কেটে অন্যত্র ভরাট করা হচ্ছিল।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ছাতিয়ানী এলাকায় কৃষিজমি থেকে অনুমোদন ছাড়াই মাটি কেটে অন্যত্র ভরাট করা হচ্ছিল। অন্যদিকে রাথুরা এলাকায় বিধিবহির্ভূতভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার অভিযান পরিচালনা করে ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ১৫(১) ধারায় শামসুল হক খন্দকারকে ২ লাখ টাকা এবং কাজী আমজাদ হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ টি এম কামরুল ইসলাম।