গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক
হরমুজ প্রণালি এলাকায় বৃহস্পতিবার রাতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে তেহরান।
ইরানের সামরিক মুখপাত্র অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি ভেঙে ইরানের দুটি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে এবং দেশটির দক্ষিণাঞ্চলের বেসামরিক এলাকায় বিমান হামলা করেছে।
ইরানের খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দফতরের মুখপাত্র এক বিবৃতিতে জানান, জাস্ক উপকূল থেকে হরমুজ প্রণালির দিকে যাওয়া একটি ইরানি তেলবাহী জাহাজে হামলা চালায় মার্কিন বাহিনী। একই সময়ে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের কাছে হরমুজ প্রণালিতে প্রবেশ করা আরেকটি জাহাজেও আঘাত হানা হয়।

মুখপাত্র আরও জানান, একই সময়ে বান্দর খামির, সিরিক ও কেশম দ্বীপের উপকূলীয় বেসামরিক এলাকায় কিছু আঞ্চলিক দেশের সহযোগিতায় বিমান হামলা পরিচালনা করা হয়।
ইরানি মুখপাত্রের দাবি, মার্কিন হামলার জবাবে ইরানের সশস্ত্র বাহিনী হরমুজ প্রণালির পূর্বে এবং চাবাহার বন্দরের দক্ষিণে অবস্থানরত মার্কিন সামরিক জাহাজগুলোতে পাল্টা হামলা চালিয়েছে।
তিনি দাবি করেন, এই হামলায় মার্কিন জাহাজগুলো ‘উল্লেখযোগ্য ক্ষতি’র মুখে পড়েছে।
বিবৃতিতে ইরান স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছে, ‘অপরাধী ও আগ্রাসী যুক্তরাষ্ট্র এবং তার সহযোগী দেশগুলো জেনে রাখুক — ইসলামি প্রজাতন্ত্র ইরান অতীতের মতোই যেকোনো আগ্রাসন বা হামলার বিরুদ্ধে শক্তিশালী ও দ্বিধাহীন জবাব দেবে।’
সূত্র : তাসনিম নিউজ এজেন্সি