গাজীপুর কণ্ঠ ডেস্ক
কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরবর্তী আবাদি জমিতে অনুমতি ছাড়া ভরাট করা আনুমানিক ৫০ হাজার ঘনফুট বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার মোবাইল কোর্টের মাধ্যমে এ বালু জব্দ করেছেন।
স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, তুমুলিয়া ইউনিয়নের বড়িহাটি মৌজায় নদীসংলগ্ন একটি আবাদি জমিতে বালু ভরাট করা হচ্ছিল। এর জন্য প্রশাসনের কোনো অনুমতি নেওয়া হয়নি বলে জানা যায়। বিষয়টি জানার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে যান এবং অভিযোগের সত্যতা পান। তবে সেখানে ভরাটের সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি।
এরপর মোবাইল কোর্ট বসিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ভরাট করা আনুমানিক প্রায় ৫০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। জব্দ করা বালু রাখা হয়েছে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার জিম্মায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জব্দ করা বালুর ওপর একটি নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়েছে, বড়িহাটি মৌজায় নদীসংলগ্ন ব্যক্তিমালিকানাধীন জমিতে সরকারের যথাযথ আইন ও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বালু ভরাট করা হয়েছে। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে ওই বালু জব্দ করা হয়েছে।
স্থানীয়রা জানান, এর আগেও উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু ভরাটের ঘটনায় জেল ও জরিমানার উদাহরণ রয়েছে। কিন্তু তাদের অভিযোগ, শুধু জরিমানায় এ ধরনের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ হয়নি; শাস্তির পরও সংশ্লিষ্ট চক্র আবার একই কাজ করেছে।
এবার ভরাট করা বালুই জব্দ করায় সংশ্লিষ্টদের বড় অঙ্কের আর্থিক ক্ষতি হবে বলে স্থানীয়দের ধারণা।
তাদের মতে, এতে ভরাটকারীদের কাছে কঠোর বার্তা যাবে। প্রশাসনের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে বলে আশা প্রকাশ করেছেন তারা।