কালীগঞ্জে লাইসেন্সবিহীন দোকানে মেয়াদোত্তীর্ণ ভেটেরিনারি ওষুধ বিক্রি, জরিমানা

কালীগঞ্জে লাইসেন্সবিহীন দোকানে মেয়াদোত্তীর্ণ ভেটেরিনারি ওষুধ বিক্রি, জরিমানা

গাজীপুর কণ্ঠ ডেস্ক

কালীগঞ্জে লাইসেন্স ছাড়াই ভেটেরিনারি ওষুধ বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুই দোকান মালিককে জরিমানা করেছেন উপজেলা প্রশাসন।

বুধবার (২০ মে) সকালে উপজেলার বাশাইর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

জানা গেছে, দীর্ঘদিন ধরে বাশাইর বাজারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন বা লাইসেন্স ছাড়াই ভেটেরিনারি ওষুধ বিক্রি করা হচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। অভিযানের সময় দোকান মালিকেরা প্রয়োজনীয় লাইসেন্স দেখাতে ব্যর্থ হন। এ ছাড়া কয়েকটি মেয়াদোত্তীর্ণ ওষুধও পাওয়া যায়।

পরে মোবাইল কোর্ট পরিচালনা করে ‘মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০’-এর ১৬ ধারা লঙ্ঘনের দায়ে ২০ ধারা অনুযায়ী পৃথকভাবে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়। সাহেদ মেডিকেল হলের মালিক সানি ভূঁইয়াকে ৩ হাজার টাকা এবং ইলমা পোল্ট্রি ফিডের মালিক আশরাফুলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।