গাজীপুর কণ্ঠ ডেস্ক
আগামী ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
সোমবার (১২ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বিমানের ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট বাংলাদেশ সময় ও তারিখ অনুযায়ী আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।
উক্ত ফ্লাইটের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং যাত্রার সময়সূচি সম্পর্কে হালনাগাদ তথ্য যথাসময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।
ফ্লাইট স্থগিতের কারণে সম্মানিত যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
এ পরিস্থিতিতে সম্মানিত যাত্রীদের ধৈর্য ও সহযোগিতাও কামনা করছে বিমান বাংলাদেশ।
এদিকে, ইতিমধ্যে ঢাকা থেকে সৌদি আরবগামী বিভিন্ন রুটে ৫১টি ফ্লাইট বাতিল হয়েছে। এর ফলে ঢাকায় প্রায় সাড়ে ৫ হাজার যাত্রী আটকা পড়েছে।
সোমবার বিকাল ৫টা পর্যন্ত ১০টি এয়ারলাইন্সের সরাসরি ১২টি ফ্লাইট, ৩৯টি (ট্রান্সজিট) ফ্লাইটসহ সর্বমোট ৫১টি ফ্লাইট বাতিল হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল হয়েছে ইন্ডিগো এয়ারলাইন্সের। তাদের ১৬টি ফ্লাইট বাতিল হয়েছে। তবে ইন্ডিগো এয়ারলাইন্সের সবগুলো ফ্লাইটই ট্রানজিট ফ্লাইট।
সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চারটি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুটি, সৌদিয়া এয়ারলাইন্সের তিনটি, রিয়াদ এয়ারওয়েজের তিনটি ফ্লাইট বাতিল হয়েছে।
ট্রানজিট ফ্লাইটের মধ্যে সালাম এয়ারের তিনটি, ইজিপ্ট এয়ারের একটি, এমিরেটসের নয়টি, কাতার এয়ারওয়েজের ৫টি ও ফ্লাইট দুবাইয়ের ৫টি ফ্লাইট বাতিল হয়েছে।