ইরানের সঙ্গে আলোচনা এখন ‘চূড়ান্ত পর্যায়ে’, তেহরান নতুন প্রস্তাব বিবেচনা করছে

ট্রাম্প বললেন চুক্তি না হলে 'কড়া পদক্ষেপ' নেওয়া হবে, ইরান বলছে আগে 'জলদস্যুতা' বন্ধ করতে হবে।

ইরানের সঙ্গে আলোচনা এখন ‘চূড়ান্ত পর্যায়ে’, তেহরান নতুন প্রস্তাব বিবেচনা করছে

মিডল ইস্ট আই

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান আলোচনা এখন “চূড়ান্ত পর্যায়ে” রয়েছে। একই সময়ে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নতুন একটি প্রস্তাব তারা খতিয়ে দেখছে।

সাংবাদিকদের সামনে ট্রাম্প বলেন, “হয় চুক্তি হবে, নয়তো আমরা এমন কিছু করব যা একটু কঠিন হবে — তবে আশা করি সেটা করতে হবে না।”

আলোচনার কেন্দ্রে রয়েছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি। ইরান ও যুক্তরাষ্ট্র — দু’পক্ষই এই জলপথে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টায় পরস্পরবিরোধী অবরোধ আরোপ করেছে।

বুধবার কুয়েত ও ইরাকের তেলবাহী তিনটি সুপারট্যাংকার — যেগুলোতে মোট ৬০ লাখ ব্যারেল তেল রয়েছে — হরমুজ প্রণালি পার হচ্ছিল। জাহাজগুলোর মধ্যে দুটি চীন এবং একটি দক্ষিণ কোরিয়ার সঙ্গে সংযুক্ত।

শান্তি আলোচনার আভাস এবং প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ফলে বুধবার মার্কিন অপরিশোধিত তেলের দাম ছয় শতাংশ কমে প্রতি ব্যারেল প্রায় ৯৮ ডলারে নেমে আসে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগায়ি বলেছেন, তেহরান ওমানকে সঙ্গে নিয়ে হরমুজ প্রণালিতে “টেকসই নিরাপত্তা” নিশ্চিত করার একটি কাঠামো তৈরি করতে চায়।

আলোচনা চলার মধ্যেই যুক্তরাষ্ট্র ইরানি জাহাজ আটকের অভিযান অব্যাহত রেখেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, বুধবার মার্কিন মেরিন বাহিনী ওমান উপসাগরে একটি ইরানি তেলট্যাংকারে উঠে তল্লাশি চালিয়েছে।

এর প্রতিক্রিয়ায় বাগায়ি বলেন, যেকোনো চুক্তির আগে যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইরানি জাহাজের বিরুদ্ধে এই “জলদস্যুতা” বন্ধ করতে হবে।

তবে তিনি এও বলেন, “অন্য পক্ষের নেতিবাচক রেকর্ড সত্ত্বেও ইরান গুরুত্বের সঙ্গে এবং সৎ বিশ্বাসে আলোচনার পথে এগিয়ে যাচ্ছে।”

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যোগাযোগ সহজ করতে তেহরানে রয়েছেন বলে ইরান নিশ্চিত করেছে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানও ট্রাম্পের সঙ্গে ফোনালাপে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোকে স্বাগত জানিয়েছেন এবং “যুক্তিসংগত সমাধানে” পৌঁছানো সম্ভব বলে মত দিয়েছেন।

সৌদি আরবও কূটনীতিকে সুযোগ দেওয়ার জন্য ট্রাম্পের ইচ্ছাকে স্বাগত জানিয়ে ইরানকে চুক্তিতে আসার আহ্বান জানিয়েছে।

মিডল ইস্ট আই জানিয়েছে, হজ্জের সময় উপসাগরীয় মিত্র ও নিজের কর্মকর্তাদের পরামর্শে ট্রাম্প এই সপ্তাহে ইরানে পরিকল্পিত একটি হামলা বাতিল করেছেন।

অবশ্য ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ সতর্ক করে দিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি নতুন করে যুদ্ধ শুরু করে তাহলে ইরান “কঠোর জবাব” দেবে। ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসও বলেছে, নতুন কোনো যুদ্ধ মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে বহুদূর ছড়িয়ে পড়বে।