পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ বোনাস দিলেন প্রধানমন্ত্রী

সারাদেশের সিটি করপোরেশনের প্রশাসক ও মেয়রের কাছে করপোরেশনসমূহের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ঈদ বোনাসের চেক হস্তান্তর করা হয়েছে।

পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ বোনাস দিলেন প্রধানমন্ত্রী

গাজীপুর কণ্ঠ ডেস্ক

দেশের সব সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ বোনাস দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২২ মে) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দেশের সকল সিটি করপোরেশনের প্রশাসক ও মেয়রের কাছে প্রধানমন্ত্রী ঈদ বোনাসের চেক হস্তান্তর করেন।

এ বছর রোজার ঈদের আগে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ৫ হাজার টাকা করে ঈদ উপহার দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

বর্তমানে দেশের আটটি বিভাগের অধীনে মোট ১৩টি সিটি করপোরেশন রয়েছে। সর্বশেষ ১৩তম সিটি করপোরেশন বগুড়া সিটি করপোরেশন। এর মধ্যে চট্টগ্রাম ছাড়া অন্যসব সিটি করপোরেশনে প্রশাসক বসানো হয়েছে।

প্রধানমন্ত্রী অতিরিক্ত প্রেস সচিব রুমন সংবাদ মাধ্যমকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সারাদেশের সিটি করপোরেশনের প্রশাসক ও মেয়রের কাছে করপোরেশনসমূহের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ঈদ বোনাসের চেক হস্তান্তর করেছেন।

একই সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকে সিটি করপোরেশনের শহরকে পরিচ্ছন্ন—পরিচ্ছন্ন রাখতে প্রশাসকদের প্রতি নির্দেশনা দিয়েছেন…‘ক্লিন সিটি’ গড়ে তুলতে বলেছেন। নগরীতে জলাবদ্ধতা যাতে না হয়, সেজন্য খাল-নর্দমা নিয়মিত পরিস্কার যাতে করা হয় সেব্যাপারে প্রশাসকদের উদ্যোগী হতে বলেছেন।

এ সময়ে সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা, সিলেটসহ ১৩টি সিটি করপোরেশনের প্রশাসক ও মেয়রও ছিলেন।