পদত্যাগ করলেন যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড

গত কয়েক সপ্তাহ ধরে গ্যাবার্ডের পদত্যাগের গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে মাত্র দুই সপ্তাহ আগেও তিনি এই গুঞ্জন অস্বীকার করেছিলেন।

পদত্যাগ করলেন যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক (ডিএনআই) তুলসি গ্যাবার্ড শুক্রবার (২২ মে) ঘোষণা দিয়েছেন যে তিনি আগামী ৩০ জুন পদত্যাগ করবেন। স্বামীর দুরারোগ্য ক্যান্সার ধরা পড়ার কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লেখা পদত্যাগপত্রে গ্যাবার্ড জানান, তাঁর স্বামী আব্রাহাম এক অত্যন্ত বিরল ধরনের হাড়ের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন।

“আব্রাহাম আমাদের এগারো বছরের বিবাহজীবনে সবসময় আমার শক্তির উৎস ছিলেন। পূর্ব আফ্রিকায় আমার সামরিক মিশন থেকে শুরু করে একাধিক নির্বাচনী প্রচারণা — প্রতিটি কঠিন মুহূর্তে তিনি আমার পাশে থেকেছেন। এখন আমি তাঁকে একা এই লড়াইয়ে ছেড়ে দিতে পারব না,” — পদত্যাগপত্রে লেখেন গ্যাবার্ড।

প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে গ্যাবার্ডের প্রশংসা করেন এবং জানান যে প্রিন্সিপাল ডেপুটি ডিরেক্টর অ্যারন লুকাস ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব নেবেন।

গ্যাবার্ডের মেয়াদ অবশ্য সম্পূর্ণ বিতর্কমুক্ত ছিল না। বিশেষত যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিয়ে তাঁর পরস্পরবিরোধী বক্তব্য হোয়াইট হাউসের সঙ্গে তাঁর সম্পর্ককে কয়েকবার অস্বস্তিকর করে তুলেছিল।

হোয়াইট হাউসের একটি সূত্র জানিয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে গ্যাবার্ডের পদত্যাগের গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে মাত্র দুই সপ্তাহ আগেও তিনি এই গুঞ্জন অস্বীকার করেছিলেন।

গ্যাবার্ড হাওয়াইয়ের প্রতিনিধি পরিষদের সাবেক সদস্য। তিনি মার্কিন কংগ্রেসে প্রথম আমেরিকান সামোয়ান এবং হিন্দু ধর্মাবলম্বী সদস্য হিসেবে ইতিহাস তৈরি করেছিলেন। ২০২০ সালে ডেমোক্র্যাট হিসেবে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং পরে রিপাবলিকান দলে যোগ দিয়ে ট্রাম্পকে সমর্থন করেন।

ট্রাম্প তাঁকে ১৮টি গোয়েন্দা সংস্থার তদারকির শীর্ষ পদে নিয়োগ দিয়েছিলেন।

গ্যাবার্ডের পদত্যাগের মধ্য দিয়ে ট্রাম্প প্রশাসন থেকে সাম্প্রতিক সময়ে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রিসভা সদস্যের বিদায় ঘটল। এর আগে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম এবং অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিকেও পদ থেকে সরিয়ে দেওয়া হয়।