হাসমত আলী
গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় একটি শ্রমিক কলোনিতে আগুন লেগে ১১টি পরিবার সর্বস্ব হারিয়েছে। ঈদুল আজহার মাত্র চার দিন আগে ঘটা এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অনেকেই রবিবার (২৪ মে) রাতে খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য হন।
রবিবার (২৫ মে) বিকেল সাড়ে চারটার দিকে বানিয়ারচালা প্যান্টেক্স মোড় এলাকার হাফিজ উদ্দিনের মালিকানাধীন একটি ভাড়া কলোনিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন কলোনির বিভিন্ন কক্ষে ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার সার্ভিস প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানিয়েছে, আগুনে কলোনির ১১টি কক্ষ সম্পূর্ণ পুড়ে যায়। সেই সঙ্গে নগদ অর্থ, আসবাবপত্র ও দৈনন্দিন ব্যবহারের মালামালও ছাই হয়ে যায়।
এই কলোনিতে গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানায় কর্মরত শ্রমিকেরা ভাড়ায় বসবাস করতেন। আগুন লাগার সময় অধিকাংশ ভাড়াটিয়া কর্মস্থলে ছিলেন বলে জানা গেছে।
সোমবার (২৫ মে) বেলা ১১টার দিকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। তিনি পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের কথা শুনে দ্রুত পুনর্বাসনের আশ্বাস দেন। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ঢেউটিন, নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ করা হয়।
ডা. বাচ্চু বলেন, “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”
তিনি আগুনে সর্বস্ব হারানো পরিবারগুলোকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসল্লী, সদস্যসচিব আবু বকর সিদ্দিক এবং স্থানীয় দলীয় নেতাকর্মীরা।