২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫

গাজীপুর কণ্ঠ ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১০ জন শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, এ নিয়ে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৫৭৫ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার (২৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন থেকে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের মতো উপসর্গ নিয়ে ৬৭৪ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে এই নতুন রোগীদের মধ্যে ৫৮ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।

অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত বাংলাদেশে ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম সংক্রমণে অন্তত ৯০ জন শিশুর মৃত্যু হয়েছে। এর পাশাপাশি হামের সাথে সামঞ্জস্যপূর্ণ বা সদৃশ উপসর্গ নিয়ে আরও ৪৮৫ জন শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ, এ বছর দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৭৫ জনে।

ডিজিএইচএসের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত ১৫ মার্চ থেকে ২৯ মে পর্যন্ত সময়কালে সারা দেশে ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে মোট ৮ হাজার ৯৪৩ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত করা হয়েছে।

সর্বশেষ স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী, দেশব্যাপী এ পর্যন্ত মোট ৬৮ হাজার ৫৭৯ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে প্রয়োজনীয় চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫১ হাজার ৫১১ জন। বর্তমানে আক্রান্ত অন্যরা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।