গাজীপুর কণ্ঠ ডেস্ক
কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া এলাকায় মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির (আনুমানিক বয়স ৪০) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে ঘোড়াশাল রেল সেতুর পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানা গেছে, ওই ব্যক্তি টঙ্গী-ভৈরব রেলপথ ধরে হেঁটে ঘোড়াশাল সেতুর দিকে যাচ্ছিলেন। সে সময় চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেন সেতুর দিকে দ্রুতগতিতে ছুটে আসছিল। ট্রেনের শব্দ শুনতে না পেয়ে তিনি রেললাইনেই থেকে যান বলে ধারণা করা হচ্ছে। পেছন থেকে ট্রেনটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত ব্যক্তির পরনে ছিল টিয়া রঙের হাফ হাতা গেঞ্জি এবং নীল-সাদা-লাল রঙের লুঙ্গি। বিকেল পৌণে ৫টা পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার। তিনি বলেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।