গাজীপুর কণ্ঠ ডেস্ক
নিম্ন আদালতে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য অনুষ্ঠিত প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ বার কাউন্সিল। এই তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানও।
প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায় মোট ৯ হাজার ২০১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। শুক্রবার (১২ জুন) দিনগত মধ্যরাতে বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়।
জাইমা রহমান নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এমসিকিউতে উত্তীর্ণ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লেখেন, দেশে আইন পেশায় প্র্যাকটিসের লক্ষ্যে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায় অংশ নিয়েছিলেন এবং আল্লাহর রহমতে তাতে উত্তীর্ণ হয়েছেন। জানা গেছে, তিনি বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন।
শুক্রবার সকালে ১০০ নম্বরের এই এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে আবেদনকারীর সংখ্যা ছিল ৩৭ হাজার ৮০ জন।
মোট তিন ধাপে—এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরা সনদপ্রাপ্ত আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হবেন। এই সনদের মাধ্যমে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ছাড়া দেশের অন্য সব আদালত ও ট্রাইব্যুনালে আইন পেশায় নিয়োজিত হওয়া যাবে। পরীক্ষা-সংক্রান্ত সিদ্ধান্ত ও দিকনির্দেশনা দিয়ে থাকে বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি।