গাজীপুরে ২৫ লাখের বেশি কর্মরত জনবল

অর্থনৈতিক শুমারির তথ্য উপস্থাপন

গাজীপুরে ২৫ লাখের বেশি কর্মরত জনবল

নিজস্ব সংবাদদাতা 

শিল্পনগরী গাজীপুরে মোট ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিট এবং ২৫ লাখ ৩০ হাজার কর্মরত জনবল রয়েছে বলে জানা গেছে। দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এই জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সোমবার (১৫ জুন) গাজীপুরের ভাওয়াল সম্মেলন কক্ষে ‘অর্থনৈতিক শুমারি ২০২৪—ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার’-এ এই তথ্য উপস্থাপন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া শুমারির পরিধি আরও বিস্তৃত করার ওপর জোর দেন। তিনি বলেন, ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ও পাড়া-মহল্লার ছোট দোকানগুলোকেও অর্থনৈতিক শুমারির আওতায় আনা জরুরি এবং এ বিষয়ে তাদের কাছে শুমারির গুরুত্ব তুলে ধরতে হবে। পাশাপাশি সাধারণ মানুষের বোঝার সুবিধার্থে শুমারি বা জরিপে জটিল পরিভাষা পরিহার করে সহজবোধ্য শব্দ ব্যবহারের পরামর্শ দেন তিনি।

শিল্পের প্রাচুর্য ও শক্তিশালী এসএমই খাতের কথা উল্লেখ করে জেলা প্রশাসক গাজীপুরকে বাংলাদেশের শিল্প-অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে অভিহিত করেন।

গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) তানিয়া তাবাসসুম এবং গাজীপুর জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক মাহনুমা খানম প্রমুখ।