গাজীপুর কণ্ঠ ডেস্ক
কালীগঞ্জে পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনের ‘তার চুরি’ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহিদ হাসান আনন্দ (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার দুই সহযোগীকে হেফাজতে নিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জুন) আনুমানিক রাত ১১টার দিকে পৌরসভার ঘোনাপাড়া এলাকায় ইউরো বাংলা গ্লাস ফ্যাক্টরি সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
নিহত জাহিদ হাসান আনন্দ মূলগাঁও চরপাড়া এলাকার আমিন মিয়ার ছেলে। পেশায় অটোরিকশাচালক হলেও তিনি চুরির সঙ্গে জড়িত ছিলেন বলে পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনন্দ আরও কয়েকজনের সঙ্গে মিলে ইউরো বাংলা গ্লাস ফ্যাক্টরির পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের সার্ভিস লাইন থেকে তার চুরির পরিকল্পনা করে। এর মধ্যে একটি লাইনের সংযোগ বিচ্ছিন্ন ছিল। ফ্যাক্টরির পেছনের একটি বৈদ্যুতিক খুঁটি থেকে ওই তারের একটি অংশ কেটে সামনের দিকে নিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত সচল অপর লাইনের তারের সঙ্গে তাদের হাতে থাকা তারটির স্পর্শ লাগে। এতে বিদ্যুৎ সংযোগ ঘটে এবং জাহিদ হাসান আনন্দ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। সে সময় তাকে ফেলে রেখেই পালিয়ে যায় তার সহযোগীরা। খবর পেয়ে মধ্যরাতে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সকালে ঘটনাটি স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়লে তারা আনন্দর দুই সহযোগী, একই এলাকার সাইফুলের ছেলে আশিক এবং বাঘেরপাড়া এলাকার অরুণের ছেলে খাইরুলকে আটক করে পুলিশে সোপর্দ করে। তাদের কাছ থেকে চুরি করা তারও উদ্ধার করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।”