গাজীপুরে ১২০ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

গাজীপুরে ১২০ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি

গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ বাসন থানার ভোগড়া এলাকা থেকে ১২০ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে। 

বৃহস্পতিবার (২৫ জুন) ভোররাতে ভোগড়া এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার হওয়া যুবকেরা হলেন কুমিল্লার তিতাস থানার দাসকান্দি এলাকার ইমন শাহরিয়ার (২৮) এবং একই জেলার মুরাদনগর থানার ঘোড়াশাল এলাকার মো. শরিফ (২৮)।

গাজীপুর মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের ভারপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার অশোক কুমার পাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ভোগড়া এলাকার একটি ওয়ার্কশপের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কয়েকজন মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এরপর সেখানে অভিযান চালিয়ে ১২০ কেজি গাঁজাসহ ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি কভার্ড ভ্যানও জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তার ইমন শাহরিয়ারের বিরুদ্ধে একটি মাদক মামলা এবং মো. শরিফের বিরুদ্ধে একটি দস্যুতা মামলা আগে থেকেই রয়েছে।