বিশেষ প্রতিনিধি
গাজীপুরে এ বছর ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ৫ লাখ ৫৮ হাজার ৬৭৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে গাজীপুর সিভিল সার্জন অফিস।
আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বৃহস্পতিবার (২৫ জুন) সিভিল সার্জন অফিসে এক ওরিয়েন্টেশন সভায় সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমানের সভাপতিত্বে ওরিয়েন্টেশন সভায় বক্তব্য রাখেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজির, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোজাম্মেল হোসেন এবং জেলা পরিবার পরিকল্পনা অফিসের উপপরিচালক আবু তাহের মোহাম্মদ সানাউল্যাহ নূরী।
সভায় সিভিল সার্জন জানান, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এই ক্যাম্পেইনে জেলার পাঁচটি উপজেলা ও ৪৫টি ইউনিয়ন, তিনটি পৌরসভা এবং গাজীপুর সিটি করপোরেশন এলাকায় মোট ১ হাজার ৮৭টি কেন্দ্রের মাধ্যমে শিশুদের ক্যাপসুল খাওয়ানো হবে।
লক্ষ্যমাত্রা অনুযায়ী, ৬ থেকে ১১ মাস বয়সী ৭১ হাজার ১৩৫ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল (১ লাখ আইইউ) এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৮৭ হাজার ৮৩৯ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল (২ লাখ আইইউ) খাওয়ানো হবে। এ জন্য নীল রঙের ৭২ হাজার ৫০০টি এবং লাল রঙের ৪ লাখ ৯১ হাজারটি ক্যাপসুল বরাদ্দ পাওয়া গেছে।