গাজীপুর কণ্ঠ ডেস্ক
মাদক মামলায় গ্রেপ্তার এক যুবকের গায়ের আর্জেন্টিনার জার্সি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ব্রাজিলের জার্সিতে রূপান্তরের অভিযোগ উঠেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মিডিয়া উইংয়ের বিরুদ্ধে।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পাওয়ার পর তা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাজিলের সমর্থকেরাও।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে বরিশাল নগরের পলাশপুর কলোনি এলাকায় অভিযান চালিয়ে রাসেল হাওলাদার (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে কাউনিয়া থানা–পুলিশ। তাঁর কাছ থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেপ্তারের সময় তার গায়ে ছিল আর্জেন্টিনার জার্সি। পরে থানা থেকে তোলা ছবিটি বিএমপির মিডিয়া সেলে পাঠানো হলে সেখানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে জার্সির নকশা পরিবর্তন করে আর্জেন্টিনার বদলে ব্রাজিলের জার্সি বসিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
বিএমপির মিডিয়া সেল থেকে পরিবর্তিত ওই ছবি প্রকাশের পর তা মুহূর্তে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে, শুরু হয় ব্যাপক বিতর্ক। পরিস্থিতি সামাল দিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সংশোধিত ছবি ও তথ্য হোয়াটসঅ্যাপ গ্রুপ ও ই-মেইলের মাধ্যমে নতুন করে পাঠানো হয়।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের উপপরিদর্শক (এসআই) তানজিল আহমেদ সংবাদ মাধ্যমকে বলেন, বিষয়টি দুষ্টুমির ছলে করা হয়েছিল।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জিত চন্দ্র নাথ সংবাদ মাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাসেল হাওলাদারকে গ্রেপ্তার করা হয় এবং তাঁর কাছ থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান আরেক অভিযুক্ত আঁখি (৩২)। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় গ্রেপ্তার রাসেল ও পলাতক আঁখিকে আসামি করা হয়েছে।