গাজীপুর কণ্ঠ ডেস্ক
টানা বর্ষণের মধ্যে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজনের মৃত্যুর খবর জানিয়েছে পুলিশ।
বুধবার (৮ জুলাই) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৫-‘এ’তে মেয়েদের একটি হিফজখানার (মাদ্রাসা) ওপর পাহাড়ধসে পড়ে।
ওই ক্যাম্পের রোহিঙ্গা মাঝি (নেতা) দিল মোহাম্মদ বিবিসি বাংলাকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন।
তিনি জানান, ভূমিধসের সময় হিফজখানার ভেতরে ৩০ জনের বেশি ছাত্রী ছিল।
তার ভাষায়, “এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে; তাদের মধ্যে কয়েকজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে।”
উখিয়া থানার ওসি মুজিবুর রহমান বলেন, “আমরা এখন পর্যন্ত পাঁচজনের লাশ উদ্ধারের কথা জানতে পেরেছি। উদ্ধারকাজ চলছে, তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে।”
দিল মোহাম্মদ আরও বলেন, “উদ্ধারকর্মী ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা ধ্বংসস্তূপ সরানোর কাজ চালিয়ে যাচ্ছেন। হিফজখানার ভেতরে আরও অনেকে আটকা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।”
এর আগে রবিবার রাতে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা ঘটে। প্রবল বর্ষণে আলাদা এক পাহাড়ধসে আটজন রোহিঙ্গার মৃত্যু হয়, যাদের মধ্যে একই পরিবারের কয়েকজন সদস্যও ছিলেন। এ ঘটনায় আহত হন আরও বেশ কয়েকজন।