গাজীপুর কণ্ঠ ডেস্ক
প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল ঘোষণার আগেই বৃহস্পতিবার নয়টি জেলার ফল ওয়েবসাইটে দিয়ে পরে তা সরিয়ে নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
রোববার ওই ফল প্রকাশের কথা ছিল; কিন্তু তিন দিন আগে বৃহস্পতিবার (০৯ জুলাই) ঢাকার নয়টি জেলার ফল ওয়েবসাইটে আপলোড করার অভিযোগ ওঠে অধিদপ্তরের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েসের বিরুদ্ধে।
এ ঘটনায় ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী।
চিঠিতে তিনি বলেন, “গত ৮ জুলাই প্রস্তুতকৃত ফলাফল ওয়েব পোর্টালে আপলোড করতে প্রয়োজনীয় লিংক তৈরি করার জন্য মেহতাব কায়েসকে দায়িত্ব দেওয়া হয়। কর্তৃপক্ষ ফলাফল প্রকাশের আগে তা ওয়েব পোর্টালে আপলোড না করার জন্য নির্দেশনা দেওয়া হয়।
“কিন্তু বৃহস্পতিবার ঢাকা বিভাগের নয়টি জেলার ফলাফল আপলোড করা হয়। অল্প সময় সচল থাকায় এ লিংকগুলো থেকে ফল সাধারণ ব্যবহারকারীরা ডাউনলোড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন।”
ঘটনা তদন্তে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. মিরাজুল ইসলাম উকিলকে আহ্বায়ক করে ৩ সদস্যের কমিটি গঠন করেছে অধিদপ্তর। এ কমিটিকে তিন কার্যদিবসের মধ্য প্রতিবেদন দিতে বলা হয়।
তিন বছর বিরতির পর গত এপ্রিলে নেওয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল বৃহস্পতিবার প্রকাশ করতে চেয়েছিল অধিদপ্তর। কিন্তু মন্ত্রণালয়ের অনুমোদন মেলেনি। রোববার ওই ফল প্রকাশ হওয়ার কথা রয়েছে।
আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগেই ওয়েবসাইটে ফল আপলোডের অভিযোগের বিষয়ে মেহতাব কায়েসের ফোন নম্বরে একাধিকবার কল দিলেও তিনি ধরেননি।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. তানভীর মিয়া সংবাদ মাধ্যমকে বলেন, “অসবাধনতাবশত আপলোড করা ৯ জেলার ফল মুছে ফেলা হয়েছে। ফল প্রস্তুত করার কিছু কাজ এখনো বাকি আছে।
“আশা করা হচ্ছে রোববার বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।”