বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন, চলতি সংসদ অধিবেশনেই যেন সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়।
শনিবার (১১ জুলাই) বিকেলে গাজীপুরের পিটিআই অডিটোরিয়ামে “জুলাই সনদ: নতুন বাংলাদেশ নির্মাণে চ্যালেঞ্জ ও সম্ভাবনা” শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
মিয়া পারওয়ার সতর্ক করে বলেন, জুলাই সংকট, সনদ ও গণভোট বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক সংকট তৈরি হলে তা সংঘাতে রূপ নিতে পারে। তার ভাষায়, এই বিষয়গুলো আলোচনার মাধ্যমে সংসদেই সমাধান করা উচিত, রাজপথে ঠেলে দেওয়া ঠিক হবে না।
তিনি বলেন, রাজনৈতিক অস্থিতিশীলতা তারা চান না। জ্বালাও-পোড়াও ও হরতাল-ধর্মঘটের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার লক্ষ্যেই তরুণরা রক্ত দিয়ে একটি মানবিক বাংলাদেশ গড়তে চেয়েছিল বলে তিনি মন্তব্য করেন।
জামায়াত নেতা সংসদকে সব ধরনের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু বানানোর প্রস্তাব দিয়ে বলেন, সংসদেই সংবিধান সংস্কার কমিশন গঠন করে তা আইনি রূপ দিয়ে নির্বাচনী তফসিলে অন্তর্ভুক্ত করা এবং গণভোটের রায় মেনে নেওয়া উচিত।
গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দীনের সভাপতিত্বে এবং গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
আরও বক্তব্য রাখেন গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আজহারুল ইসলাম মোল্লা, মো. আফজাল হোসেন, জামায়াতের নীতিনির্ধারণী কমিটির সদস্য ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মনোনীত মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমান, গাজীপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শামসুল হক ভূঁইয়া, এনডিএফের গাজীপুর মহানগর সভাপতি ডা. আমজাদ হোসেন খান, এনসিপি নেতা হোসাইন আল মামুন এবং চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ শাকিলের বাবা মো. বেলায়েত হোসেন।