গাজীপুর কণ্ঠ ডেস্ক
টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে ২০ জনকে আটক করেছে পুলিশ। অভিযান চলাকালে পুলিশের গাড়ি ঘিরে একদল লোক হামলার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চারটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
রবিবার রাতে তুরাগ নদের তীরে হাজী মাজার বস্তিতে এ ঘটনা ঘটে।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান সংবাদ মাধ্যমকে বলেন, গাজীপুর মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ও টঙ্গী পশ্চিম থানার যৌথ অভিযানে মাদক সেবনের অভিযোগে ২০ জনকে আটক করা হয়। আটকদের পুলিশের গাড়িতে তোলার সময় বস্তির কিছু লোক সেখানে জড়ো হন এবং একপর্যায়ে তারা গাড়ি ঘিরে ধরার চেষ্টা করেন।
তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং পুলিশ সদস্যদের নিরাপত্তার জন্য চারটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।
সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণে গোটা এলাকায় ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং বিকট শব্দে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এ সময় টঙ্গী বাজারের পশ্চিম অংশ এবং সেনাকল্যাণ ভবনের আশপাশের কিছু দোকান সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
পরে আটক ব্যক্তিদের টঙ্গী পশ্চিম থানায় নিয়ে যাওয়া হয়।
ওসি আরিফুর রহমান জানান, গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. বেলায়েত হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আটক ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানায়নি পুলিশ।
অতিরিক্ত পুলিশ কমিশনার বেলায়েত হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, গাজীপুর মহানগর পুলিশ কমিশনারের নির্দেশে মাদকবিরোধী অভিযান চলছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।