গাজীপুর কণ্ঠ ডেস্ক
কালিয়াকৈরের বরাব পশ্চিমপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে এক বাক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) ঢাকা-রাজশাহী রেললাইনে এ ঘটনা ঘটে।
নিহত আবু বক্কর (৩৫) কালিয়াকৈর উপজেলার বরাব পশ্চিম পাড়া এলাকার সাহেব আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, বাড়ি থেকে বের হয়ে খোলাপাড়া এলাকার একটি দোকানে চা খেতে যান আবু বক্কর। পরে তিনি রেললাইন দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এসময় একটি ট্রেন ওই এলাকা অতিক্রম করছিল। আবু বক্কর ওই ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
আবু বক্কর বাক প্রতিবন্ধী ছিলেন। তিনি রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন বলেন, এ বিষয়ে কেউ কিছু জানায়নি। তবে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।