কালীগঞ্জে প্রাণ-আরএফএলের গাড়িচাপায় বৃদ্ধের মৃত্যু

কালীগঞ্জে প্রাণ-আরএফএলের গাড়িচাপায় বৃদ্ধের মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক

কালীগঞ্জে প্রাণ-আরএফএল গ্রুপের একটি হাইস গাড়ির চাপায় নুরুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। 

বুধবার (১৫ জুলাই) সকালে কালীগঞ্জ বাইপাস সড়কে ইউরো বাংলা গ্লাস ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম পৌরসভার ঘোনাপাড়া এলাকার মৃত আতাব উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, বুধবার সকালে নুরুল ইসলাম নিজের কৃষিজমি দেখতে বাইপাস ও রেলসড়ক পার হয়ে বিলে গিয়েছিলেন। ফেরার পথে বাইপাস সড়ক পার হওয়ার সময় ঘোড়াশালগামী প্রাণ-আরএফএল গ্রুপের একটি হাইস গাড়ি তাকে চাপা দেয়। এরপর গাড়িটি সড়কের পাশের খাদে উল্টে পড়ে। দুর্ঘটনায় গুরুতর আহত নুরুল ইসলামকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার করেন। ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর গাড়ির চালক পালিয়ে যান।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোঃ তরিকুল ইসলাম বলেন, সকাল সাড়ে নয়টার দিকে নুরুল ইসলামকে হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ঢাকায় রেফার করা হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।