গাজীপুর কণ্ঠ ডেস্ক
কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটোরিকশা থামিয়ে বাংলাদেশ ব্যাংকের এক অতিরিক্ত পরিচালকের পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
রবিবার (২৫ অক্টোবর) দুপুরে সোনালী ব্যাংকের কালিয়াকৈর শাখা থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে বংশাই সেতুর কাছে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর নাম এ এম এম তৌহিদুর রশিদ। ঘটনার পর তিনি কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ বলছে, জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
পুলিশ ও ভুক্তভোগীর বর্ণনা অনুযায়ী, রবিবার দুপুরে তৌহিদুর রশিদ তাঁর বাবা এস এম হারুনুর রশিদের নামে থাকা সোনালী ব্যাংকের কালিয়াকৈর শাখার হিসাব থেকে পাঁচ লাখ টাকা তোলেন। এরপর মামা তাসনিম উদ্দিনকে সঙ্গে নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় বাড়ির পথে রওনা হন।
বেলা আড়াইটার দিকে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বংশাই সেতুর কাছে পৌঁছালে পেছন থেকে একটি সাদা রঙের প্রাইভেট কার এসে অটোরিকশার গতিরোধ করে। তখন প্রাইভেট কারে থাকা একজন হাত বাড়িয়ে তৌহিদুর রশিদের কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেন। এরপর কারটি দ্রুত টাঙ্গাইলের দিকে চলে যায়।
ঘটনার পর তৌহিদুর রশিদ পুলিশের জরুরি সেবার নম্বরে ফোন করেন। কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ছিনতাইকারীরা পালিয়ে যায়।
সংবাদমাধ্যমের কাছে ঘটনার বিবরণ দিতে গিয়ে তৌহিদুর রশিদ বলেছেন, “বাড়ির কাছাকাছি বংশাই সেতুর কাছে পৌঁছালে পেছন থেকে একটি সাদা রঙের প্রাইভেট কার আমাদের অটোরিকশার কাছে আসে। পরে প্রাইভেট কার থেকে একজন হাত বাড়িয়ে আমার কাছে থাকা টাকার ব্যাগ জোর করে ছিনিয়ে নিয়ে দ্রুত চলে যান। পুলিশের জরুরি সেবার নম্বরে ফোন করলেও পুলিশ ঘটনাস্থলে আসার আগেই ছিনতাইকারীরা পালিয়ে যান।”
রবিবার সন্ধ্যা ছয়টার দিকে তৌহিদুর রশিদ কালিয়াকৈর থানায় গিয়ে লিখিত অভিযোগ দেন।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেছেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে পুলিশ পৌঁছানোর আগেই ছিনতাইকারীরা সরে পড়ে। তিনি জানান, ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।