বিশেষ নকশা করা লুই ভিতোঁর ট্রাঙ্কে রাজকীয় মর্যাদায় মাঠে নেওয়া হবে বিশ্বকাপের ট্রফি

বিশেষ নকশা করা লুই ভিতোঁর ট্রাঙ্কে রাজকীয় মর্যাদায় মাঠে নেওয়া হবে বিশ্বকাপের ট্রফি

গাজীপুর কণ্ঠ, খেলাধুলা ডেস্ক

ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফিটি নিউইয়র্ক-নিউ জার্সির স্টেডিয়ামে নেওয়া হবে বিশেষভাবে তৈরি করা একটি লুই ভিতোঁ ট্রাঙ্কে। রবিবার বিশ্বকাপ ফাইনালে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো চ্যাম্পিয়ন স্পেন। ম্যাচের আগে রাজকীয় মর্যাদায় এই বিশেষ ট্রাঙ্কে করেই ট্রফিটি মাঠে নেওয়া হবে।

বিশ্বের শীর্ষস্থানীয় এই ফরাসি বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ডটিকে এ নিয়ে টানা পঞ্চমবারের মতো বিশেষ এই নকশা করা ট্রাঙ্ক তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপেও একই দায়িত্ব পালন করেছে তারা।

বিশেষভাবে তৈরি ট্রাঙ্কটির সামনের অংশে রয়েছে সোনালি রঙের বড় ‘ভি’ (V)— যা একইসঙ্গে ‘ভিক্টরি’ (বিজয়) এবং ‘ভিতোঁ’- দুই অর্থই বহন করে। ট্রাঙ্কজুড়ে আছে ব্র্যান্ডটির পরিচিত মনোগ্রাম নকশা এবং সোনালি প্রলেপ দেওয়া পিতলের কোণার সুরক্ষা। 

এছাড়া, ফিফা ও লুই ভিতোঁর অংশীদারত্ব স্মরণে ভেতরে যুক্ত করা হয়েছে বেইজ রঙের চামড়ার আস্তরণ এবং একটি বিশেষ প্যাচ।

লুই ভিতোঁর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা পিয়েত্রো বেকারি বলেন, ‘এক দশকেরও বেশি সময় ধরে লুই ভিতোঁ ও ফিফা শ্রেষ্ঠত্বের প্রতি একই ধরনের অঙ্গীকার নিয়ে একসঙ্গে কাজ করছে। খেলাধুলা মানুষকে অনুপ্রাণিত করে এবং একত্রিত করে—এই যৌথ বিশ্বাসই আমাদের বন্ধনকে আরও দৃঢ় করেছে।’

বিশ্বের বড় বড় ক্রীড়া আসরের সঙ্গে বিলাসবহুল ব্র্যান্ডগুলোর সম্পৃক্ততা নতুন নয়। ১৯৬৭ সালে প্রথম সুপার বোলের পর থেকে এনএফএলের চ্যাম্পিয়নদের ‘ভিন্স লোম্বার্ডি ট্রফি’ তৈরি করছে টিফানি অ্যান্ড কোং। এছাড়া, ফর্মুলা-১ এ বিভিন্ন ‘গ্রাঁ প্রি’ ট্রফির জন্যও ১০ বছরের চুক্তির আওতায় বিশেষ ট্রফি ট্রাঙ্ক তৈরি করে আসছে লুই ভিতোঁ।