গাজীপুর কণ্ঠ ডেস্ক
পূবাইল থানার খিলগাঁও এলাকায় চুরির অভিযোগ তুলে জুয়েল (২৫) নামের এক যুবককে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (২৬ জুলাই) দুপুরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
নিহত জুয়েল ওই এলাকার জুলমত আলীর ছেলে। দিনদুপুরে এমন হত্যাকাণ্ডের ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা জানান, কয়েকদিন আগে একই এলাকার রুস্তম আলীর অটোরিকশা থেকে চারটি ব্যাটারি চুরির অভিযোগ ওঠে জুয়েলের বিরুদ্ধে। স্থানীয়ভাবে সালিসের মাধ্যমে তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়, এবং সেই টাকা অটোরিকশার মালিক রুস্তম আলীকে বুঝিয়ে দিয়ে বিষয়টি মীমাংসা করা হয়েছিল।
দুপুরে আগের ওই ঘটনার জের ধরে জুয়েলকে ফের চোর আখ্যা দিয়ে অটোরিকশার মালিকসহ কয়েকজন তাকে গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে তাকে বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান জানিয়েছেন, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।