গাজীপুর কণ্ঠ ডেস্ক
অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান অভিযানের অংশ হিসেবে আরও ২৩ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১১টায় একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
ইমিগ্রেশন পুলিশের একজন কর্মকর্তা সংবাদ মাধ্যমকে বলেন, একটি ভাড়া করা ফ্লাইটে ওই ২৩ জন ঢাকায় পৌঁছান। পরে তাদের নিজ-নিজ গন্তব্যে পাঠানো হয়েছে।
ডনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হওয়ার পর যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের সরাতে কঠোর পদক্ষেপ নেওয়া শুরু করেন। এরপর একে একে বিভিন্ন দেশের মত বাংলাদেশ থেকে বিভিন্নভাবে যুক্তরাষ্ট্রে যাওয়া ব্যক্তিদের ফেরত পাঠানো শুরু হয়।
২০২৫ সালের শুরু থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত আগের হিসাবে ২৯৩ জন বাংলাদেশিকে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র।
ট্রাম্প প্রশাসনের কড়াকড়ির অংশ হিসেবে বাংলাদেশসহ বিভিন্ন দেশের নাগরিকদের হাতকড়া পরিয়ে ফেরত পাঠাতে শুরু করে। এ নিয়ে দেশে-বিদেশে সমালোচনাও হয়েছে।
সেই ধারাবাহিকতায় সবশেষ ধাপে বৃহস্পতিবার ফেরত আসেন ২৩ জন, যারা বড় অঙ্কের অর্থ খরচ করে বিভিন্নভাবে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন।
এদিন বিমানবন্দরে নামার পর প্রবাসী কল্যাণ ডেস্ক ও এভিয়েশন সিকিউরিটির (এভসেক) সহায়তায় ব্র্যাক ফেরত আসা ব্যক্তিদের গন্তব্যে পৌঁছানোর পরিবহন সহায়তা দেয়।
ব্র্যাকের বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ফেরত আসা ২৩ জনের মধ্যে ১৩ জন নোয়াখালীর বাসিন্দা। এছাড়া সিলেটের তিনজন এবং কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, ঢাকা ও অন্যান্য জেলার বাসিন্দারাও রয়েছেন।
ব্র্যাকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে মোট ৩৬৯ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে।