গাজীপুর কণ্ঠ ডেস্ক
হবিগঞ্জের লাখাই উপজেলায় নেশার উদ্দেশে অ্যালকোহলজাতীয় হোমিওপ্যাথিক তরল পান করার পর দম্পতিসহ পাঁচজনের মৃত্যুর অভিযোগ উঠেছে। গত বুধবার ও বৃহস্পতিবার তাদের মৃত্যু হয়।
ঘটনার পর থেকে স্থানীয় এক হোমিওপ্যাথিক চিকিৎসক আত্মগোপনে রয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ তিনজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করলেও বাকি দুজনের বিষয়ে থানায় কোনো তথ্য নেই।
তবে স্থানীয় বাসিন্দারা তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃতরা হলেন লাখাই উপজেলার মোড়াকড়ি গ্রামের মনোরঞ্জন দাস (৬০), সুজিত দাস (৩৫), ভাদিকাড়া গ্রামের নন্দলাল রবিদাস (৫২), তার স্ত্রী সুবি রবিদাস (৪০) এবং হবিগঞ্জ শহরের রঞ্জিত কুড়ি (৩৬)।
স্থানীয়দের ভাষ্যমতে, মনোরঞ্জন, সুজিত ও রঞ্জিত মোড়াকড়ি বাজারের ‘হ্যানিম্যান হোমিও হল’-এর মালিক সজল দাসের কাছ থেকে অ্যালকোহলজাতীয় তরল সংগ্রহ করে নিয়মিত সেবন করতেন। গত মঙ্গলবার রাতে ওই তরল সেবনের পর তারা অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসার জন্য নেওয়ার পথে মনোরঞ্জনের মৃত্যু হয় হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে, সুজিতের মৃত্যু হয় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে, আর রঞ্জিত মারা যান ঢাকায় নেওয়ার পথে।
মোড়াকড়ি বাজারের জয় বাবা লোকনাথ মাছের আড়তের মালিক প্রদীপ দাস বলেন, মৃতরা নিয়মিত হোমিওপ্যাথিক দোকান থেকে অ্যালকোহলজাতীয় তরল কিনে সেবন করতেন এবং সেই তরল সেবনের কারণেই তাদের মৃত্যু হয়েছে বলে তিনি মনে করেন।
একইভাবে নন্দলাল রবিদাস ও তার স্ত্রী সুবি রবিদাসও স্থানীয় একটি দোকান থেকে অ্যালকোহলজাতীয় তরল কিনে সেবনের পর বাড়িতেই মারা যান বলে দাবি করেন বামৈ ইউনিয়ন পরিষদের সদস্য কেএম জিয়া। পরে তাদের মরদেহ দাহ করা হয়।
হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের চিকিৎসক দেবাশীষ দাস সংবাদ মাধ্যমকে বলেন, পরীক্ষা-নিরীক্ষা ছাড়া মৃত্যুর সুনির্দিষ্ট কারণ বলা সম্ভব নয়। তবে ঘটনাপ্রবাহ সত্য হলে নেশার উদ্দেশে সেবন করা অ্যালকোহলজাতীয় পদার্থের বিষক্রিয়ায় এমন ঘটনা ঘটে থাকতে পারে বলে তিনি জানান।
তার ভাষায়, এটি কেবল একটি সম্ভাবনা মাত্র; নিশ্চিত হতে তদন্ত ও প্রয়োজনীয় পরীক্ষার বিকল্প নেই।
লাখাই থানার ওসি শরীফ আহমেদ সংবাদ মাধ্যমকে বলেন, তারা তিনজনের মৃত্যুর তথ্য পেয়েছেন। একজনকে সমাহিত করার সময় খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ সদস্যরা। আরও দুজনকে পুলিশকে না জানিয়েই দাহ করা হয়েছে বলে জানান তিনি, আর বাকি দুজনের বিষয়ে থানায় কোনো তথ্য নেই। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান ওসি।