গাজীপুর কণ্ঠ ডেস্ক
রাজধানী ঢাকার যানজট কমানো, পরিবেশ সুরক্ষা এবং যোগাযোগ ব্যবস্থাকে আরও সহজ করতে চারপাশের নৌপথগুলো সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (২ আগস্ট) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। সভায় নদীর দূষণ রোধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নদীর নাব্যতা ও স্বাভাবিক পানিপ্রবাহ বজায় রাখার বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কড়া নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ঢাকার চারপাশের নৌপথে বেসরকারি খাতের আগ্রহী প্রতিষ্ঠানগুলোর প্রস্তাব বিবেচনা করে তাদের ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সময় পরিবেশ সুরক্ষা ও সৌন্দর্যবর্ধনের বিষয়েও গুরুত্বারোপ করা হয়। নদীর তীর ঘিরে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং সৌন্দর্য বাড়াতে ওয়াকওয়ের পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
গুরুত্বপূর্ণ এ সভায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম।
এ ছাড়া প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।